EN ☀️
×

Follow Us

ফিচার

‘সিলভার ডিভোর্স’ এড়িয়ে বার্ধক্যেও বাঁচবে প্রেম

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

‘সিলভার ডিভোর্স’ এড়িয়ে বার্ধক্যেও বাঁচবে প্রেম

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে এই প্রবণতা, যা পরিচিত ‘সিলভার ডিভোর্স’, ‘গ্রে ডিভোর্স’ বা ‘এম্পটি নেস্ট সিন্ড্রোম’ নামে।

অ অ

সংসারের চাকা ঘোরাতে ঘোরাতে, সন্তানদের মানুষ করতে গিয়ে কখন যে নিজেদের মাঝের ভালোবাসাটা হারিয়ে যায়, তা অনেক দম্পতিই টের পান না। দীর্ঘ ২৫-৩০ বছর একসঙ্গে পথচলার পর, সন্তানরা যখন নিজেদের জীবনে থিতু হয়, তখন হঠাৎই যেন এক শূন্যতা গ্রাস করে। অবসরের এই সময়ে এসে অনেকেই আবিষ্কার করেন, সঙ্গীর প্রতি আর সেই পুরনো টান অবশিষ্ট নেই। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে এই প্রবণতা, যা পরিচিত ‘সিলভার ডিভোর্স’, ‘গ্রে ডিভোর্স’ বা ‘এম্পটি নেস্ট সিন্ড্রোম’ নামে।

তবে আশার কথা হলো, বয়স বাড়লেও সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ সবসময়ই থাকে। বিচ্ছেদের পথে না হেঁটে বার্ধক্যেও একে অপরের কাছাকাছি আসার রয়েছে কিছু সহজ উপায়।   

সচেতনভাবে একসঙ্গে সময় কাটানো

এক ছাদের নিচে থাকা মানেই একসঙ্গে থাকা নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একটু বাড়তি যত্ন নিতেই হয়। হাজার ব্যস্ততার মাঝেও সঙ্গীর জন্য আলাদা করে ‘কোয়ালিটি টাইম’ বের করুন। এই সময়ে যে সবসময় গভীর কোনো বিষয়ে গল্প করতে হবে, তা নয়।

একসঙ্গে মর্নিং ওয়াক, বাগান করা, রান্নাঘরে হাত লাগানো, পুরনো দিনের সিনেমা দেখা কিংবা কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়া—যেকোনো কিছুই হতে পারে। যৌবনের সেই প্রেমময় অভ্যাসগুলো বার্ধক্যেও ফিরিয়ে আনুন।

নতুন করে নিজেদের রুটিন গড়ে তুলুন

বিয়ে এবং সন্তান জন্মের পর দম্পতিদের জীবনে বড় পরিবর্তন আসে; তখন নিজেদের চেয়ে সন্তানের ভালো-মন্দই প্রাধান্য পায়। কিন্তু সন্তান বড় হয়ে যাওয়ার পর আপনারা আবারও আগের মতো স্বাধীন। তাই এখন নতুন করে নিজেদের মতো একটি রুটিন তৈরি করুন। সপ্তাহান্তে বা মাসে অন্তত একবার কোথাও বেড়াতে যাওয়ার অভ্যাস গড়ুন।

মাঝেমধ্যে একসঙ্গে রাতের খাবার রান্না করতে পারেন। সবচেয়ে জরুরি হলো, সঙ্গীকে নিয়ে নিয়ম করে ‘ডেট’-এ যাওয়া—তা সে পাশের কোনো রেস্তোরাঁতেই হোক বা প্রিয় কোনো কফিশপে।

দায়িত্ব ভাগ করে নিন, নিজেকেও সময় দিন

সন্তানরা বড় হয়ে গেলেও সংসারের দৈনন্দিন কাজ ফুরিয়ে যায় না। ঘর গোছানো, বাজার করা, ব্যাংকের কাজ কিংবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট—সবই সামলাতে হয়। বছরের পর বছর সংসারের পুরো চাপ একজনের ওপর না রেখে আলোচনা করে কাজগুলো ভাগ করে নিন। এতে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। পাশাপাশি, দিনের কিছুটা সময় একান্তই নিজের জন্য রাখুন। নিজের ভালো লাগা বা শখের কাজগুলোকে গুরুত্ব দিলে মন ভালো থাকবে, যার ইতিবাচক প্রভাব পড়বে আপনাদের সম্পর্কেও।

আরও পড়ুন