ঘুমিয়ে পড়ার পরও কোরআন তিলাওয়াত চলতে থাকলে কি গুনাহ হবে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
রাতে ঘুমানোর আগে মোবাইল বা অন্য ডিভাইসে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করেন অনেকে। তবে তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার পরও অনেক সময় তা চলতে থাকে। ইসলামের দৃষ্টিতে এভাবে ঘুমের মধ্যে কোরআন তিলাওয়াত চালু রাখা কি গুনাহ?
কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনের প্রতিটি অক্ষর পড়ার বিনিময়ে ১০টি নেকি পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর তিলাওয়াত করবে, সে একটি নেকি পাবে। আর প্রতিটি নেকি ১০ গুণ বৃদ্ধি করা হবে।’ (তিরমিজি, হাদিস: ২৯১০)
তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন শোনাও ইবাদত। রাসুলুল্লাহ (সা.) নিজেও অন্যের মুখে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) তাকে কোরআন তিলাওয়াত করতে বলেন। তিনি কারণ জানতে চাইলে রাসুল (সা.) বলেন, ‘আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি।’ (বুখারি, হাদিস: ৫০৫৬)
ঘুমানোর আগে আত্মিক প্রশান্তি ও বরকত লাভের আশায় কোরআন তিলাওয়াত শোনা জায়েজ। তবে ঘুমিয়ে পড়ার পর সারা রাত তিলাওয়াত চালু রাখা থেকে বিরত থাকাই উত্তম। কারণ, আল্লাহ তায়ালা বলেন, ‘যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়।’ (সুরা আরাফ, আয়াত: ২০৪)
ঘুমিয়ে পড়লে মনোযোগ দিয়ে তিলাওয়াত শোনা সম্ভব হয় না। তাই ঘুমানোর আগে কোরআন শুনতে চাইলে মোবাইলে ৩০ মিনিট বা এক ঘণ্টার স্লিপ টাইমার চালু রাখা যেতে পারে। এতে ঘুমিয়ে পড়ার পর তিলাওয়াত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।