EN ☀️
×

Follow Us

ফিচার

কক্সবাজারে ‘পর্যটন কার্নিভাল’ শুরু ২২ নভেম্বর

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

কক্সবাজারে ‘পর্যটন কার্নিভাল’ শুরু ২২ নভেম্বর
অ অ

পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে কক্সবাজারের মোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে দুই মাস ৮দিন ব্যাপী এ আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

আয়োজকরা জানান, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটকদের জন্য বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ও জ্ঞানচর্চার সমন্বয়ে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণেরও সুযোগ থাকবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ১৫টি বিশেষ জোন। এর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ থাকবে।

এতে ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণ, মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন ও বিক্রি এবং এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে কিডস জোন ও গেমিং জোন। ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি নানা পদের খাবার পাওয়া যাবে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকবে গো-কার্টিং, বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ।

পাশাপাশি এম্পিথিয়েটার জোনে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালু ভাস্কর্য এবং আর্ট জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সমুদ্র সৈকতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সি-ভিউ বারবিকিউ জোন।

শুধু সৈকত কেন্দ্রিক আয়োজনই নয়, হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশেও দৃষ্টিনন্দন সাজসজ্জা ও নানা বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে।

আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে কার্নিভালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন