EN ☀️
×

Follow Us

ফিচার

অফিসে সিনিয়রদের ‘বিয়ে কবে করছেন?’ প্রশ্নে বিব্রত, সামলানোর ৫ কৌশল

ফিচার ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

অফিসে সিনিয়রদের ‘বিয়ে কবে করছেন?’ প্রশ্নে বিব্রত, সামলানোর ৫ কৌশল

অফিসে চা-বিরতির আড্ডায় সহকর্মীদের হাসিমুখে কথোপকথন।

অ অ

স্নাতক শেষ করেই এখন অনেক তরুণ সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করছেন। শুরুর দিকে বেতন তুলনামূলক কম হলেও নিজের খরচ চালানো এবং পরিবারের আর্থিক সংকট কিছুটা সামাল দেওয়ার তাগিদেই তাঁরা কাজে যোগ দেন।

কিন্তু কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর কাজের চাপের চেয়েও বড় এক সাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রায় সবাইকে। তা হলো—নিজ নিজ বিভাগের জ্যেষ্ঠ বিবাহিত সহকর্মীদের প্রতিদিনকার ‘বিয়ে কবে করছেন?’–জাতীয় মধুর বিড়ম্বনা।

কাজের ফাঁকে, চা-বিরতিতে কিংবা দুপুরের খাবারের সময় প্রতিদিনই চলে অবিবাহিত তরুণ সহকর্মীদের দ্রুত ‘থিতু’ করার এই আলোচনা।

জ্যেষ্ঠ সহকর্মীরা কেন বারবার বিয়ের প্রসঙ্গ তোলেন?

সারা দিন অফিসের একঘেয়ে কাজ বা লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলতে কারও ভালো লাগে না। চা-বিরতিতে হালকা মেজাজে কথা বলার জন্য ‘বিয়ে’ সবচেয়ে নিরাপদ ও মজার বিষয়। এই আলোচনায় অফিসের বস থেকে শুরু করে কর্মচারী—সবাই নিজ নিজ অভিজ্ঞতা থেকে দু-একটি কথা বলতে পারেন, যা আড্ডাকে প্রাণবন্ত করে তোলে।

বিবাহিত সহকর্মীরা সংসারের নানা দায়িত্ব, বাজার করা কিংবা সময়মতো বাড়ি ফেরার চাপে থাকেন। অবিবাহিতদের ফুরফুরে জীবন দেখে তাঁরা মজার ছলে চান, তরুণেরাও যেন সংসারের এই ‘মধুর যন্ত্রণায়’ প্রবেশ করেন। বিয়ের পর জীবন কীভাবে বদলে যায়, তা নিয়ে উপদেশ দিতে বা একটু ভয় দেখাতে তাঁরা বেশ আনন্দ পান।

আমাদের সামাজিক সংস্কৃতিতে জ্যেষ্ঠ সহকর্মীরা অনেক সময় নতুনদের ছোট ভাই বা বোনের মতো দেখেন। তাই নিজের দায়িত্ববোধ বা স্নেহ থেকেই তাঁরা জানতে চান কবে সে থিতু হচ্ছে। প্রচলিত সামাজিক ধারণায় চাকরি পাওয়ার পর জীবনের পরবর্তী স্বাভাবিক ধাপই হলো বিয়ে। তাই প্রতিষ্ঠিত তরুণ দেখলেই তাঁরা এই প্রশ্নটি করেন।

অফিসের আড্ডায় বিয়ের প্রসঙ্গ তোলার অন্যতম মজার একটি কারণ হলো ভূরিভোজের আশা। সহকর্মীর বিয়ে মানেই অফিসে মিষ্টি বিতরণ এবং বিয়ের অনুষ্ঠানে জমজমাট কাচ্চি বিরিয়ানির দাওয়াত। মূলত আড্ডায় দাওয়াতের মজার দাবি তুলতেই তাঁরা এই প্রসঙ্গ টানেন।

অনেক সময় নিজের পারিবারিক বা ব্যক্তিগত জীবনের ছোটখাটো চাপ ভুলে থাকার জন্য জ্যেষ্ঠরা অন্যের বিয়ে নিয়ে রসিকতা করেন। এতে তাঁদের নিজেদের মনও হালকা থাকে।

সহকর্মীদের সামলানোর কৌশল

সদ্য চাকরিতে ঢোকা একজন তরুণের পক্ষে সীমিত বেতনে নিজের চলার পাশাপাশি নতুন একটি সংসারের দায়িত্ব নেওয়া বেশ কঠিন। আবার জ্যেষ্ঠদের কথার জবাবে বিরক্ত হওয়া বা মুখ গোমড়া করাও কর্মক্ষেত্রের পরিবেশের জন্য ভালো নয়। তাই সম্পর্ক ঠিক রেখে কিছু কৌশল কাজে লাগানো যেতে পারে—

বিরক্ত না হয়ে রসিকতার ছলে নিজের আর্থিক বাস্তবতা বুঝিয়ে দিন। বলতে পারেন, ‘ভাই, মাত্র তো কর্মজীবন শুরু করলাম, আগে নিজের পায়ে একটু শক্ত হয়ে দাঁড়াই, তারপর না হয় সংসারের দায়িত্ব নেব।’

যখনই তাঁরা বিয়ের কথা বলবেন, হাসিমুখে বলুন, ‘আপনারা তো পাত্র বা পাত্রী দেখছেন না! আপনারা ভালো কাউকে খুঁজে দিলেই তো কাজ সহজ হয়ে যায়।’ এতে তাঁরা মজা পাবেন এবং জেরার বদলে গল্পের মোড় ঘুরে যাবে।

বর্তমান বাজারদরের কথা উল্লেখ করে মজার ছলে বলুন, ‘আপনারা যেভাবে সংসার সামলাচ্ছেন, তা দেখে সাহস পাচ্ছি না। আগে একটু সঞ্চয় করে নিই।’ জ্যেষ্ঠরা নিজেদের অভিজ্ঞতার প্রশংসা শুনে খুশি হবেন এবং চাপ দেওয়া কমাবেন।

বিয়ের কথা উঠলেই অফিসের কোনো সাম্প্রতিক কাজ, ক্রিকেট-ফুটবল, আলোচিত কোনো খবর বা খাবারের প্রসঙ্গ তুলে আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিন।

প্রতিদিন একই কথায় যদি কাজে মনোযোগ নষ্ট হয়, তবে শান্ত ও হাসিমুখে বলুন, ‘এই বিষয়টা আপাতত পরিবারের ওপর ছেড়ে দিয়েছি, এখন শুধু কাজে মন দিতে চাই।’ নিয়মিত এমন দৃঢ় কিন্তু ভদ্র উত্তর দিলে ধীরে ধীরে প্রশ্ন করা কমে যাবে।

অফিসের এই খুনসুটি আর জ্যেষ্ঠদের বিয়ের তাগাদা দেওয়া আসলে কর্মজীবনেরই এক প্রাণবন্ত অংশ। জ্যেষ্ঠ সহকর্মীরা যেমন মজা করেই বিষয়টি তোলেন, তেমনি তরুণেরাও যদি বুদ্ধিমত্তা ও হাস্যরসের সঙ্গে তা সামাল দেন, তবে অফিসের পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি নিজের মানসিক চাপও কমবে।

আরও পড়ুন