EN ☀️
×

Follow Us

ফিচার

শীতের আমেজে বদলে যাচ্ছে চেনা ক্যাম্পাস

অতিথি পাখির নিরাপত্তায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

ইমন ইসলাম

ইমন ইসলাম

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শীতের আমেজে বদলে যাচ্ছে চেনা ক্যাম্পাস

কুয়াশার চাদরে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়ক।

অ অ

দিনভর কড়া রোদ থাকলেও সূর্য ডোবার পরপরই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারিপাশ। রাত যত গভীর হচ্ছে, লেকপাড়ের গাছপালা আর সবুজ বনাঞ্চল ছাপিয়ে পিচঢালা সড়কগুলোতে নেমে আসছে ঘন কুয়াশা। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপাচার্য ভবন, ক্যাফেটেরিয়া চত্বর কিংবা মুক্তমঞ্চের চেনা পথগুলো ঢাকা পড়ছে ধবধবে সাদা কুয়াশায়। ক্যাম্পাসের এই আগাম আবহ জানান দিচ্ছে—প্রকৃতির চাদর মুড়ি দিয়ে জাহাঙ্গীরনগরে শীত এসে গেছে।

ক্যাম্পাসের এই রূপান্তরের সাথে সাথে বদলে গেছে শিক্ষার্থীদের চিরচেনা লাইফস্টাইলও। রাত আর ভোরে ক্লাস-পরীক্ষায় বের হওয়া কিংবা চায়ের আড্ডায় বসা শিক্ষার্থীদের পরনে এখন শোভা পাচ্ছে হালকা শীতের পোশাক। হুডি, চাদর আর সোয়েটার জড়িয়ে হিমাক্রান্ত রাত ও ভোরকে বরণ করে নিচ্ছেন তারা। ভোর বেলা যেন এক অন্যরকম জাহাঙ্গীরনগর। 

ঘনকুয়াশায় ঢাকা পড়া লাল ইটের দালান আর সবুজে ঘেরা প্রান্তর দেখার জন্য অনেক শিক্ষার্থীই এখন ভোরে ঘুম থেকে উঠছেন। কুয়াশার চাদর ভেদ করে বোটানিক্যাল গার্ডেন, সুইমিং পুল এলাকা কিংবা ট্রান্সপোর্ট চত্বরের চায়ের দোকানগুলোতে জমছে ভোরের আড্ডা। ধোঁয়া ওঠা গরম চা আর শীতের সকালের এই মেলবন্ধন ক্যাম্পাসের জীবনযাত্রায় যোগ করেছে এক নতুন মাত্রা।

শিক্ষার্থীরা জানান, ঢাকার মূল শহরের চেয়ে জাহাঙ্গীরনগরের বিস্তীর্ণ সবুজ ও জলাশয়ের কারণে এখানে শীতের তীব্রতা ও কুয়াশা একটু আগেই অনুভূত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শীতের এই প্রারম্ভিক রূপ জাবি ক্যাম্পাসকে করে তুলেছে আরও বেশি মায়াবী ও অনন্য।

এদিকে শীতের আগমনকে সামনে রেখে ক্যাম্পাসের প্রকৃতিতে আরও দুটি চেনা অনুষঙ্গ যোগ হতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে ইতিমধ্যেই সুদূর সাইবেরিয়া থেকে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখির অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

যার মধ্যে পাখির অনুকূল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, মাছ শিকার ও উচ্চ শব্দ তৈরি না করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বিকেল গড়াতেই ক্যাম্পাসের অমর একুশে চত্বর, বটতলা এবং বিভিন্ন আবাসিক হলের সামনে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার টং দোকানগুলো।

ধোঁয়া ওঠা ভাপা ও চিতই পিঠার সাথে ঝাল ভর্তার ওমে মেতে উঠছে শিক্ষার্থীদের সান্ধ্যকালীন আড্ডা। ঘন কুয়াশা, ডানার ঝাপটানি আর গরম পিঠার এই মেলবন্ধনে জাহাঙ্গীরনগরে শীতের সূচনা পর্ব ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে।

আরও পড়ুন