EN ☀️
×

Follow Us

ফিচার

যে গাড়ি আকাশে ওড়ে: কবে আসবে, দাম কত?

স্পেসএক্সের থ্রাস্টারে শূন্যে ভাসল টেসলার নতুন রোডস্টার; ০.৮১ সেকেন্ডে ৯৭ কিমি গতি, ২০২৮ সালে উৎপাদন, বুকিং শুরু ৫০ হাজার ডলারে

ফিচার ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

যে গাড়ি আকাশে ওড়ে: কবে আসবে, দাম কত?

টেক্সাসে স্পেসএক্সের থ্রাস্টারে শূন্যে ভাসছে টেসলার নতুন রোডস্টার। ছবি: টেসলা

অ অ

কল্পনা করুন তো, আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হঠাৎ সামনের জ্যাম এড়াতে আপনার গাড়িটি পাখির মতো বাতাসে ভেসে উঠল! সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও, ইলন মাস্কের টেসলা এবার এমনই এক অবিশ্বাস্য গাড়ি নিয়ে এসেছে।

দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর টেসলা উন্মোচন করেছে তাদের নতুন স্পোর্টস কার ‘রোডস্টার’। টেক্সাসে স্পেসএক্সের রকেট টেস্টিং সেন্টারে এই গাড়ির প্রোটোটাইপ বা প্রাথমিক রূপটি দেখানো হয়। গাড়িটির অদ্ভুত সব ক্ষমতা দেখে পুরো দুনিয়া এখন স্তব্ধ।

এই গাড়িটি শুধু যে রাস্তায় দ্রুত চলবে তা নয়, এটি বাতাসেও ভাসতে পারবে। ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’। সেই স্পেসএক্সের রকেটে যে ধরনের শক্তিশালী থ্রাস্টার বা ইঞ্জিন ব্যবহার করা হয়, এই গাড়িতেও তা লাগানো হয়েছে।

এই বিশেষ প্রযুক্তির কারণে গাড়িটি প্রয়োজন অনুযায়ী রাস্তা ছেড়ে শূন্যে লাফ দিতে পারবে। এমনকি কিছুক্ষণ বাতাসে ভেসে থাকা কিংবা ডিগবাজি খাওয়ার মতো অবিশ্বাস্য কাজও করতে পারবে এটি।

গতির দিক থেকেও এই গাড়িটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। সাধারণ স্পোর্টস কারগুলোর গতি তুলতে যেখানে কয়েক সেকেন্ড সময় লাগে, সেখানে টেসলার এই নতুন গাড়িটি মাত্র ০.৮১ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতি তুলতে পারে।

সহজ কথায়, আপনি চোখের পলক ফেলার আগেই গাড়িটি আপনার সামনে থেকে উধাও হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম সাধারণ মানুষের ব্যবহারের গাড়ি, যা ১ সেকেন্ডের কম সময়ে এত গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলেরও বেশি।

এই গাড়িটি নিয়ে ইলন মাস্ক একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মানুষের হাতে চালানোর জন্য এটিই হবে টেসলার তৈরি শেষ গাড়ি। এর পরের সব গাড়ি পুরোপুরি স্বয়ংক্রিয় বা রোবটের মাধ্যমে চলবে। তাই গাড়িপ্রেমীদের কাছে এর গুরুত্ব অনেক বেশি।

রোডস্টার গাড়িটি মূলত তিনটি সংস্করণে বাজারে আসবে। সাধারণ ড্রাইভিংয়ের জন্য থাকছে ‘পারফরম্যান্স’ মডেল। আকাশে ওড়ার আসল মজা দিতে থাকছে ‘থ্রাস্টার’ মডেল। আর খুব সীমিত ও বিশেষ অতিথিদের জন্য থাকছে এক আসনের ‘রকেট’ মডেল।

কবে আসবে, দাম কত?

ইলন মাস্ক জানিয়েছেন, ২০২৮ সাল থেকে এই গাড়িটি বাজারে বিক্রির জন্য তৈরি করা হবে। তবে এখনই টেসলার ওয়েবসাইটে এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।

গাড়িটির চূড়ান্ত দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে সাধারণ মডেলটি বুকিং করতেই জমা দিতে হচ্ছে ৫০,০০০ ডলার (যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকার বেশি)। আর বিশেষ মডেলটির বুকিং মানি রাখা হয়েছে ২,৫০,০০০ ডলার।

টাকা যারই থাক না কেন, স্পেসএক্সের এই রকেট প্রযুক্তির গাড়িটি যে ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থাকে বদলে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন