EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গেম তৈরির ধারণা বদলে দিচ্ছে গুগল ল্যাবস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

গেম তৈরির ধারণা বদলে দিচ্ছে গুগল ল্যাবস

ছবি: সংগৃহীত

অ অ

নিজের পছন্দের ভিডিও গেম তৈরি করার স্বপ্ন কার না থাকে! কিন্তু প্রোগ্রামিং কোডিং কিংবা জটিল সব সফটওয়্যার ব্যবহারের ঝক্কি ভেবে অনেকেই সেই স্বপ্ন থেকে পিছিয়ে আসেন। তবে এবার সেই ধারণাই বদলে দিচ্ছে টেক জায়ান্ট গুগল।

নিজেদের পছন্দের গেম তৈরি করতে আর প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই। শুধু সাধারণ ভাষায় লিখে বা টেক্সট কমান্ড দিয়ে জানালেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে গেম তৈরি করে দেবে গুগল ল্যাবসের নতুন প্ল্যাটফর্ম ‘প্লেগ্রাউন্ড’।

গুগল জানিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গেম তৈরির পাশাপাশি ব্যবহারকারীরা সেগুলো সরাসরি খেলতেও পারবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার সুবিধাও মিলবে।

গেম তৈরিতে আগ্রহী কিন্তু কোডিং বা প্রোগ্রামিংয়ে দক্ষ নন, এমন সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। কোড লেখার পরিবর্তে চ্যাটবক্সের মতো সাধারণ টেক্সট নির্দেশনার মাধ্যমে গেমের প্রাথমিক রূপ তৈরি করা যাবে।

প্রথমবার গেম তৈরির পর কোনো পরিবর্তন আনতে চাইলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করার প্রয়োজন নেই। চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়ে গেমের চরিত্র, খেলার নিয়ম, গতিবিধি ও পরিবেশে সহজেই পরিবর্তন আনা যাবে।

যেকোনো নতুন পরিবর্তন সরাসরি ওয়েব ব্রাউজারেই পরীক্ষা (টেস্ট) করে দেখা যাবে। ব্যবহারকারীরা একেবারে খালি ক্যানভাস থেকে যেমন শুরু করতে পারবেন, তেমনি প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন নমুনা নির্দেশনা (স্যাম্পল প্রম্পটস) ব্যবহার করেও গেম তৈরি করতে পারবেন।

প্লেগ্রাউন্ডে তৈরি করা গেমগুলো সরাসরি ওয়েব ব্রাউজারেই খেলা যাবে। ফলে ল্যাপটপ, ডেস্কটপ কিংবা স্মার্টফোন—যেকোনো ডিভাইস থেকেই গেমগুলো উপভোগ করা সম্ভব। তৈরি করা গেমগুলো ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা যাবে। 

লিংকের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করা যাবে। এছাড়া প্লেগ্রাউন্ডের নিজস্ব ‘এক্সপ্লোর’ গ্যালারিতেও গেমগুলো সবার জন্য প্রকাশ করার সুযোগ থাকবে।

গুগল স্পষ্ট করেছে যে, পেশাদার বা প্রচলিত গেম তৈরির ভারী সফটওয়্যারগুলোর বিকল্প হিসেবে প্লেগ্রাউন্ডকে তৈরি করা হয়নি। এটি মূলত এআই-ভিত্তিক একটি সৃজনশীল টুল। বর্তমানে এই প্ল্যাটফর্মটিতে গেম তৈরির সুবিধা উপভোগ করতে ব্যবহারকারীদের গুগল ওয়ান মেম্বারশিপের প্রয়োজন হবে। তবে পর্যায়ক্রমে প্ল্যাটফর্মটি সব সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে গুগলের।

পাশাপাশি গেম তৈরির এই সুযোগকে আরও পেশাদার ও বিস্তৃত করতে বিখ্যাত গেম ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউনিটি’ এর সাথে কাজ করছে গুগল। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে প্লেগ্রাউন্ডের সাথে ‘ইউনিটি স্পার্ক’- এর সংযুক্তি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন