ছবিতে প্রথমে কী দেখলেন, বিড়াল নাকি ইঁদুর?
উত্তরই বলবে আপনার আসল ব্যক্তিত্ব
ফিচার ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
এই ছবিতে প্রথমে কী দেখলেন, বিড়াল নাকি ইঁদুর? ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি নিয়ে আলোচনা চলছে। বিনোদনের জন্য তৈরি এই ধাঁধাটি এখন অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ছবির দিকে তাকালে প্রথমে কী চোখে পড়ছে, বড় একটি বিড়াল, নাকি ছোট্ট একটি ইঁদুর? ব্যক্তিত্ব পরীক্ষার দাবি অনুযায়ী, আপনি প্রথমে যা দেখেন, তার সঙ্গে আপনার স্বভাবের কিছু বৈশিষ্ট্যের মিল থাকতে পারে।
ছবিতে দুটি প্রাণীর অবয়ব একসঙ্গে মিশে আছে। তাই সবার চোখে প্রথমে একই জিনিস ধরা পড়ে না। উত্তর জানার আগে ছবিটির দিকে ভালো করে তাকান এবং খেয়াল করুন, প্রথমে কোন প্রাণীটি আপনার নজর কাড়ছে।
প্রথমে ইঁদুর দেখলে
দাবি অনুযায়ী, যাঁরা প্রথমেই ইঁদুরটি দেখতে পান, তাঁরা তুলনামূলক আশাবাদী হতে পারেন। কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক দিকটি দেখার প্রবণতা বেশি থাকে বলে এ পরীক্ষায় বলা হয়েছে। ছবিতে ইঁদুরটি সহজে চোখে পড়ে না। তাই এটি খুঁজে পেতে বাড়তি মনোযোগ লাগে। সে কারণে ইঁদুরকে সূক্ষ্ম বিষয় খুঁজে বের করার প্রতীক হিসেবেও দেখা হয়েছে।
প্রথমে বিড়াল দেখলে
অন্যদিকে, যাঁরা প্রথমেই বড় বিড়ালটি দেখতে পান, তাঁদের বাস্তববাদী ও মাটির কাছাকাছি চিন্তার মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। সমস্যায় পড়লে আবেগের চেয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সমাধান খোঁজার প্রবণতা তাঁদের মধ্যে থাকতে পারে। এই ধরনের মানুষ সাধারণত বড় ছবিটা দেখার চেষ্টা করেন এবং ছোটখাটো সমস্যায় আটকে না থেকে আসল বিষয়ে মন দেন বলে দাবি করা হয়েছে।
তবে মনে রাখা দরকার, এ ধরনের অপটিক্যাল ইল্যুশন মূলত বিনোদনের জন্য। প্রথমে কোন অবয়ব চোখে পড়ল, তার ভিত্তিতে কারও ব্যক্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই ফলাফলকে মজা হিসেবেই নিন।
ছবির প্রতিটি অংশ ভালো করে দেখলে লুকিয়ে থাকা অবয়বটিও খুঁজে পাওয়া সম্ভব। বন্ধু বা পরিবারের সদস্যদের ছবিটি দেখিয়ে জেনে নিতে পারেন, তাঁরা প্রথমে কী দেখলেন।