EN ☀️
×

Follow Us

ফিচার

জেনে নিন ভারতীয় জাতীয় পুরস্কারের ঝুলিতে কী থাকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

জেনে নিন ভারতীয় জাতীয় পুরস্কারের ঝুলিতে কী থাকে

ছবিঃ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে জাতীয় পুরস্কার নিচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সংগৃহীত

অ অ

২০২৪ সালের ভারতীয় সিনেমার সেরা কাজগুলোর স্বীকৃতি হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। বিভিন্ন বিভাগে মোট ৯২ জন বিজয়ীকে এবছর জাতীয় পুরস্কার দেওয়া হয়। জাতীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে এবার ছিলেন ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম, কার্তিক আরিয়ান, দক্ষিণ ভারতীয় অভিনেতা ম্মামুটি, ধানুশ, অনন্ত নাগ, সঞ্জয় মিশ্রাসহ একাধিক তারকা। ভারতের রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি গ্রহণ করা এই পুরস্কার বিজয়ীদের দিকে সবার নজর থাকে। সম্মান ও স্বীকৃতির পাশাপাশি বিজয়ীরা কী পান এবার সেটাই জেনে নেওয়া যাক।

১৯৫৪ সালে ভারতে সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারগুলো দেওয়া শুরু হয়। ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো এসময় চালু হয়। শুরুর দিকে সর্বোচ্চ সম্মাননা হিসেবে নির্দিষ্ট নকশার মেডেল (পদক) এবং রাষ্ট্রপতির স্বাক্ষর করা প্রশংসাপত্র (সনদ) দেওয়া হতো। কোনো নগদ অর্থ দেওয়া হত না।

শুরুর দিকে শুধু তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হত। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শিশুতোষ চলচ্চিত্র। সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং অন্যান্য কারিগরি কলাকুশলীদের জন্য পৃথকভাবে ব্যক্তিগত বিভাগে পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৭ সাল থেকে।

বর্তমানে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য অর্থের পরিমাণ ভিন্ন। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা পরিচালকের মতো বিভাগে বিজয়ীরা বিভাগ অনুযায়ী ২ বা ৩ লাখ রুপি পান। আরও দেওয়া হয় ‘রজত কমল’ ও ‘স্বর্ণ কমল’ পদক।

এবার সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত মাম্মুটি এবং কার্তিক আরিয়ান প্রত্যেকে পেয়েছেন ‘রজত কমল’ পদক এবং ২ লাখ রুপি। ‘ব্রহ্মযুগম’ ও ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়। একই ভাবে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ইয়ামি গৌতমও পেয়েছেন ‘রজত কমল’ পদক ও ২ লাখ রুপি।

স্বর্ণ কমল দেওয়া হয় সেরা ফিচার ফিল্ম, সেরা পরিচালক এবং সেরা জনপ্রিয় ছবির মতো গুরুত্বপূর্ণ বিভাগে। অন্যদিকে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সংগীত ও সম্পাদনার মতো বিভাগে দেওয়া হয় রজত কমল পদক। পুরস্কারের বিভাগ অনুযায়ী শুধু পদকের ধরনই বদলায় না, নগদ অর্থের পরিমাণও আলাদা হয়।

এবার ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ অবদানের জন্য সম্মানিত দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় অনন্ত নাগকে। তিনি পুরস্কারের সঙ্গে পান ১০ লাখ রুপি নগদ অর্থ, স্বর্ণ কমল পদক ও একটি শাল।

সম্মানিত এ পুরস্কারের সাথে বিজয়ীদের দীর্ঘদিনের কার্যক্রম, অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। স্বর্ণপদকের সাথে নগদ অর্থ এ পুরস্কারকে ভিন্ন মাত্রা দান করে। আর দাদাসাহেব ফালকের মতো অর্জনের পদক, নগদ অর্থের সাথে সাথে সম্মানসূচক শাল। যা বিজয়ীদের স্ব ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয়। 

আরও পড়ুন