বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যেভাবে সতর্ক থাকবেন
চলাচলে কী কী সতর্কতা মানবেন এবং আগুন বা বিস্ফোরণের মুখে পড়লে কী করবেন, জেনে রাখুন
রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার মালিবাগ, মহাখালী, মগবাজার ও নিউমার্কেটসহ অন্তত নয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। শনিবার সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা জরুরি। কিছু বিষয়ে বাড়তি সতর্কতাও প্রয়োজন।
বাসে ওঠার আগে ও চলাচলের সময়
বাসে ওঠার আগে চারপাশে একবার দেখে নিন। ভেতরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা পড়ে থাকা ব্যাগ-প্যাকেট চোখে পড়লে সঙ্গে সঙ্গে চালক বা হেলপারকে জানান। দরকার হলে বাস থেকে নেমে যান।
জানালার একেবারে গা ঘেঁষে না বসাই ভালো। বাইরে গোলমাল বা হট্টগোল দেখলে দ্রুত জানালার কাচ বা শাটার বন্ধ করে দিন। এরপর সিটের নিচের দিকে মাথা নিচু করে থাকুন।
বাস টার্মিনাল, মোড় এবং রাজনৈতিক বা সামাজিক সমাবেশের মতো ভিড়ের জায়গায় বাড়তি সতর্ক থাকুন। কোনো মোড়ে জটলা বা উত্তেজনা দেখলে অন্য রাস্তা বেছে নিন।
উত্তেজনার সময় বিভ্রান্তিকর তথ্য ও গুজব আতঙ্ক বাড়ায়। তাই নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য ছাড়া উড়ো খবরে কান দেবেন না। এমন খবর শেয়ারও করবেন না।
আগুন বা বিস্ফোরণের মুখে পড়লে করণীয়
গাড়িতে আগুন লাগলে বা বিস্ফোরণের শব্দ শুনলে আগে মাথা ঠান্ডা রাখুন। আতঙ্কে হুড়োহুড়ি করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়।
বাসে আগুন লাগলে ধাক্কাধাক্কি না করে একে একে দরজা দিয়ে নামার চেষ্টা করুন। প্রধান দরজা বন্ধ থাকলে জরুরি বা আপৎকালীন জানালা ব্যবহার করুন।
ধোঁয়া থেকে বাঁচতে রুমাল, টিস্যু বা কাপড়ের টুকরো দিয়ে নাক-মুখ চেপে ধরুন। সম্ভব হলে কাপড়টি ভিজিয়ে নিন। ধোঁয়া ওপরের দিকে ওঠে, তাই শরীর যথাসম্ভব নিচু রেখে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ালেও বড় দুর্ঘটনা থেকে বাঁচতে নাগরিকের নিজের সচেতনতাও জরুরি। নিজে সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন।