ইলিশ ছাড়াই জম্পেশ বৈশাখ
মনে রাখবেন, পান্তা ভাত নিজেই একটি ‘সুপারফুড’, আর আনন্দটা লুকিয়ে থাকে আপনার তৃপ্তিতে, পাতের দামি মাছে নয়।
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশের চিরচেনা ছবি। কিন্তু বাজারের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ইলিশ যেন কেবলই ‘রূপকথার মাছ’। ইলিশের দাম যখন সাধারণের নাগালের বাইরে, তখন কি তবে ফিকে হয়ে যাবে বৈশাখের আনন্দ? মোটেও না। বাঙালির ঐতিহ্যে পান্তার আসল স্বাদ কিন্তু কেবল মাছে নয়, বরং হরেক পদের ভর্তা আর অনুষঙ্গে।
যাদের পাতে আজ ইলিশ নেই, তারা বিকল্প কী কী দিয়ে পান্তার স্বাদকে পূর্ণতা দিতে পারেন, তা নিয়েই আজকের এই আয়োজন।
বাঙালির পান্তা ভাতের চিরকালীন সঙ্গী হলো ভর্তা। ইলিশের অনুপস্থিতি ভুলিয়ে দিতে পারে কয়েক পদের দেশি ভর্তা। সরিষার তেল, শুকনো মরিচ পোড়া আর পেঁয়াজ দিয়ে মাখানো আলু বা বেগুন ভর্তা পান্তার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
ইলিশের তীব্র ঘ্রাণের বিকল্প হতে পারে ঝাল ঝাল চ্যাপা বা লইট্যা শুঁটকি ভর্তা। এর কড়া স্বাদ পান্তার সাথে দারুণ মানিয়ে যায়। পুষ্টিগুণে ভরপুর এই ভর্তাগুলো রসনাবিলাসে আনে ভিন্ন মাত্রা।
পান্তা ভাতের নরম টেক্সচারের সাথে মচমচে কিছু থাকা চাই-ই চাই। ডাল বা খেসারির ডালের বড়া (পেঁয়াজি) কিংবা বেগুনি হতে পারে ইলিশের দারুণ বিকল্প। গরম গরম মচমচে পেঁয়াজি আর পান্তার জল- এই কম্বিনেশন অনেক ভোজনরসিকের কাছে ইলিশের চেয়েও প্রিয়।
যাঁরা মাছের অভাব অনুভব করছেন, তাঁরা বেছে নিতে পারেন ডিম ভাজি। কড়া করে পেঁয়াজ-মরিচ দিয়ে ভাজা ডিম পান্তার সাথে বেশ জুতসই। এছাড়া নোনা ইলিশের শুঁটকি অল্প পরিমাণে ব্যবহার করলেও ইলিশের স্বাদ ও ঘ্রাণ দুই-ই পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে।
ইলিশ না হোক, পাঙাশ, তেলাপিয়া বা নলা মাছের পেটি যদি কড়া করে হলুদ-মরিচে ভাজা হয়, তবে পান্তা ভাতের সাথে তার স্বাদও মন্দ লাগে না। অনেকে আবার বৈশাখের এই দিনে ছোট মাছের চচ্চড়ি দিয়েও পান্তার উৎসব সেরে নেন।
পান্তার সবচেয়ে বড় শক্তি হলো এর সাধারণ উপকরণ। এক টুকরো লেবু, পোড়া শুকনো মরিচ বা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর সামান্য সরিষার তেল- এই কয়েকটা জিনিস থাকলেই ইলিশের অভাব অনেকটা ঢাকা পড়ে যায়।
উৎসবের মূল উদ্দেশ্য হলো- মিলনমেলা আর আনন্দ। দামি মাছ পাতে থাকলেই যে উৎসব সফল হবে, এমন কোনো কথা নেই। পান্তা ভাতের শীতলতা আর সাধারণ ভর্তার ঝালেই লুকিয়ে আছে বাঙালির আসল শেকড়। তাই ইলিশ কেনার সামর্থ্য না থাকলেও ঘরোয়া এই অনুষঙ্গগুলো দিয়েই আজ পরিবার নিয়ে মেতে উঠতে পারেন প্রাণের উৎসবে।
মনে রাখবেন, পান্তা ভাত নিজেই একটি ‘সুপারফুড’, আর আনন্দটা লুকিয়ে থাকে আপনার তৃপ্তিতে, পাতের দামি মাছে নয়।