বাণিজ্যমেলায় আকর্ষণ ৭০০ বছরের পুরোনো তুর্কি খাবার ‘তানতুনি’
রসনাবিলাসীদের দীর্ঘ সারি আর শেফদের সাবলীল উপস্থাপনায় মেলার তুর্কি স্টলগুলো হয়ে উঠেছে এক টুকরো তুরস্ক
হেদায়েতুল ইসলাম নাবিদ
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
লোহার চওড়া তাওয়া থেকে উঠে আসছে মাংসের সুঘ্রাণ। দক্ষ হাতে তুর্কি শেফরা পাতলা রুটির ভাঁজে পুরে দিচ্ছেন বিশেষ পদ্ধতিতে রান্না করা গরু কিংবা মুরগির মাংস। পরিবেশনার ঢঙে আছে আভিজাত্য আর আতিথেয়তার ছোঁয়া— রূপগঞ্জের পূর্বাচলে আয়োজিত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় তুরস্কের এই ৭০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী খাবার ‘তানতুনি’ ঘিরেই এখন দর্শনার্থীদের মূল আকর্ষণ। রসনাবিলাসীদের দীর্ঘ সারি আর শেফদের সাবলীল উপস্থাপনায় মেলার তুর্কি স্টলগুলো হয়ে উঠেছে এক টুকরো তুরস্ক।

মূলত ওসমানীয় আমল থেকে জনপ্রিয় এই ‘তানতুনি’ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মেরসিনের একটি বিখ্যাত স্ট্রিট ফুড। খুব পাতলা করে কাটা মাংস অল্প তেল, লাল মরিচ ও পাপরিকা দিয়ে দ্রুত ভেজে গরম পাতলা রুটির ভেতর পেঁয়াজ, টমেটো ও লেবুর রস দিয়ে এটি পরিবেশন করা হয়। মসলার আধিক্য ছাড়াই মাংসের নিজস্ব স্বাদ অটুট রাখাই এই খাবারের বিশেষত্ব।

সরেজমিনে দেখা যায়, তুর্কি সংস্কৃতির এই বিশেষ খাবারের স্বাদ নিতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। তুর্কির শেফরা দর্শনার্থীদের বিভিন্ন মজার মজার ভঙ্গিতে খাবার তৈরি করে দিচ্ছেন। সেটা দেখে ক্রেতারা আরও বেশি আকৃষ্ট হচ্ছে। প্রথমে দর্শনার্থীদের নির্দিষ্ট বুথ থেকে খাবারে টোকেন সংগ্রহ করতে হয়। পরে টোকেন দেখিয়ে খাবার নিতে হয়।
খাবার খেতে আসা এক দর্শনার্থী বলেন, মেলায় এসে প্রথমেই পরিবার নিয়ে তুর্কি খাবারের স্বাদ নিতে এসেছি। ওদের আতিথেয়তা ও পরিবেশন ভালো লাগছে। এখন সেই ঐতিহ্যবাহী খাবারের অপেক্ষায় আছি।

আরেকজন বলেন, তুর্কি খাবার অনেক সুস্বাদু। খেতে বেশ ভালো লাগছে। এই স্বাদ দেশীয় খাবারে চেয়ে আলাদা, আমি উপভোগ করছি।
বাণিজ্য মেলায় তুর্কি খাবারের স্টলের মালিক রফিকুল ইসলাম রানা ডেইলি সানকে বলেন, বাণিজ্য মেলায় বন্ধুর একটি তুর্কির লাইটের দোকান আছে। আমি আর আমার বন্ধু দেশ বিদেশে ঘুরে বেড়াই। তখন ভাবনায় আসে, পাশাপাশি একটা খাবারের দোকান দিলে কেমন হয়। সেই ভাবনা থেকে এই উদ্যোগ নেওয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি।

খাবারের আইটেমের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। এত খাবার সরবরহা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আইটেম কমিয়ে এনেছি। এখন আমরা বিফ ও চিকেন তানতুনির পাশাপাশি শর্মা, কাবাব, রুল এবং রাইস প্লেটার এইগুলো রাখছি।