আলাদা থাকছেন, কিন্তু বিচ্ছেদ হয়নি ন্যান্সির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
সংগীতশিল্পী ন্যান্সি। ছবি: সংগৃহীত
গীতিকার মহসিন মেহেদীর সাথে আলাদা থাকছেন এমন আবেগঘন পোস্ট দিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেখে নেটিজেনরাই ভেবেই বসেছিল, বিচ্ছেদ হয়েছে এই জুটির। কিন্তু এরপরই পোস্টটি সরিয়ে দেন ন্যান্সি। এমনকি ডিঅ্যাক্টিভেট করে দেন তাঁর অ্যাকাউন্ট।
এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ন্যান্সি খোলাসা করেন, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ হয়নি।
এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি এ ব্যাপারে বলেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ফেসব্কের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’
তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি জানান, বিভ্রান্তি কমাতে পোস্ট মুছে ফেলার পরও তিনি দেখেন, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন এ গায়িকা।
বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।