EN ☀️
×

Follow Us

বিনোদন

মিস ইউনিভার্স ২০২৬: ঘরের মাটিতেই জেনিফারের বাজিমাত

বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি সেরা ৩০-এ জায়গা পাননি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

মিস ইউনিভার্স ২০২৬: ঘরের মাটিতেই জেনিফারের বাজিমাত

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট মাথায় জেনিফার বারেত্তো।

অ অ

স্বাগতিক দর্শকদের সামনে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। দেশটির সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে তিনি ‘মিস ইউনিভার্স ২০২৬’ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টায় গ্র্যান্ড ফিনালে শুরু হয়। সুইমস্যুট, ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্ব পেরিয়ে সার্বিক মূল্যায়নে সেরা হন তিনি। এ জয়ে পুয়ের্তো রিকো পেল ষষ্ঠ মিস ইউনিভার্স মুকুট।

যেভাবে এলো সেরার মুকুট

ফিনালের শুরুতে বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সুইমস্যুট রাউন্ড শেষে সেখান থেকে বেছে নেওয়া হয় ১২ জনকে। এরপর ইভনিং গাউন পর্বে গ্ল্যামার ছড়িয়ে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন পাঁচ সুন্দরী।

সেরা পাঁচে ছিলেন জেনিফার, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। প্রথম রানার আপ হয়েছেন মেলিসা।

শেষ ধাপে ছিল মেধা ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা। বিচারকদের দুটি করে প্রশ্নের উত্তর দিতে প্রতিযোগীরা সময় পান ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্ন আলাদা হলেও দ্বিতীয়টি ছিল সবার জন্য অভিন্ন। জেনিফারের কাছে জানতে চাওয়া হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন জীবনের আরও বড় জায়গা দখল করছে, তখন মানুষের কোন মূল্যবোধটি ধরে রাখা জরুরি। জমকালো এ আয়োজন উপস্থাপনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

পুয়ের্তো রিকোর গৌরবের ধারা

জেনিফারের আগে দেশটির হয়ে এ খেতাব জেতেন মারিসল মালারেত (১৯৭০), ডেবোরা কার্থি-দেউ (১৯৮৫), ডায়ানারা তোরেস (১৯৯৩), ডেনিস কুইনিওনেস (২০০১) ও জুলেইকা রিভেরা (২০০৬)। দীর্ঘ বিরতির পর আবার মুকুট জয়ের আনন্দে ভাসল পুয়ের্তো রিকো।

হীরায় মোড়া রাজকীয় মুকুট

গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে। এর নকশা করেছেন ভেনেজুয়েলার অলংকার নকশাবিদ জর্জ উইটেলস।

কর্মজীবন থেকে বিশ্বমঞ্চে

পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফারের বেড়ে ওঠা ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায়। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে তাঁর দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। বিবাহিত জেনিফারের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

চমকপ্রদ বিষয় হলো, আগে তাঁর সুন্দরী প্রতিযোগিতার কোনো অভিজ্ঞতা ছিল না। এ বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবার র‍্যাম্পে হাঁটেন তিনি। সেই পথচলাই কয়েক মাসের মধ্যে তাঁকে পৌঁছে দিল বিশ্বমঞ্চের শীর্ষে।

সেরা ৩০-এ নেই মাহি

বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি ফিনালের ঘণ্টাখানেক আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা পাননি তিনি।

আরও পড়ুন