EN ☀️
×

Follow Us

বিনোদন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন সামিরা খান মাহি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন সামিরা খান মাহি

সামিরা খান মাহি

অ অ

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। জাতীয় পোশাকে দেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি তাঁর। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম বাছাইয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেই তালিকায় ছিল না মাহির নাম।

জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেন তিনি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ছিল। ভোটের হিসাবে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগিয়ে সেরা ৩০-এ উঠতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার প্রথম বাছাইপর্বেই থামল তাঁর যাত্রা।

আরও পড়ুন