হুমকির মধ্যেই জলসার বাইরে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএম
জলসার বাইরে ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন অমিতাভ।
হুমকির মুখেও ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রেখেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার (২২ নভেম্বর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘জলসা’র বাইরে অপেক্ষমাণ ভক্তদের সামনে আসেন তিনি। এবার তাঁকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়নি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতি রবিবারই ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে এদিনও বাড়ির বাইরে ভিড় জমান অনেকে। হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান তিনি।
সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকির কারণে ভক্তদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট মঞ্চের চারপাশে বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছিল। রবিবার সেই কাচ ছাড়াই ভক্তদের সামনে আসেন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার পাশে দাঁড়িয়ে আশপাশের পরিস্থিতির ওপর নজর রাখছিলেন তিনি।
কেন বেড়েছিল নিরাপত্তা
অমিতাভের নিরাপত্তা বাড়ানোর পেছনে রয়েছে একাধিক ঘটনা। গত অক্টোবরে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল আসে। তাতে ‘জলসা’সহ একাধিক জায়গায় হামলার হুমকি ছিল। এরপর সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ায় মুম্বাই পুলিশ।
এ ছাড়া অভিনেতা টাইগার শ্রফের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ে। ওই ঘটনার দায় নেওয়ার দাবি করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এরপর ভক্তদের সঙ্গে অমিতাভের দেখা করার সময়ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
প্রাণনাশের হুমকি
নভেম্বরেও বচ্চন পরিবারকে হুমকি দেওয়ার খবর সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোল্ডি ঢিলোঁর পক্ষ থেকে দেওয়া ওই হুমকিতে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ ছিল। পরপর এসব ঘটনার পর বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
‘কেবিসি’তে ব্যস্ত অমিতাভ
কাজের দিক থেকে বর্তমানে জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় জনপ্রিয় এই অভিনেতার ভক্তদের আগ্রহ যে এখনো কমেনি, প্রতি রোববার ‘জলসা’র বাইরের ভিড়ই তার প্রমাণ।