অ্যালেন স্বপনে’র শায়লা হচ্ছেন প্রভা
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে এবার নাসির উদ্দিন খানের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।
নতুন অধ্যায় নিয়ে পর্দায় ফিরছে দেশের ওটিটি অঙ্গনের তুমুল জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে এবার নাসির উদ্দিন খানের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।
আগের দুটি সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন অ্যালেন স্বপন। নাসির উদ্দিন খানের অনবদ্য অভিনয়ে চরিত্রটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেলে নির্মাতা শিহাব শাহীন এটিকে কেন্দ্র করে নির্মাণ করেন স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
প্রথম দুটি সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে সিরিজটির তৃতীয় কিস্তি।
ইতোমধ্যেই নতুন সিজনের দৃশ্যধারণ শুরু হয়েছে। বরাবরের মতো নাম ভূমিকায় দেখা যাবে নাসির উদ্দিন খানকে। তবে মিথিলার পরিবর্তে প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন চুক্তিগত বাধ্যবাধকতার কারণে সরাসরি মন্তব্য না করে চরকির জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পরবর্তীতে চরকির একটি নির্ভরযোগ্য সূত্র প্রভার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি।
একাডেমিক ও পেশাগত এই ব্যস্ততার কারণে দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। মূলত এ কারণেই শায়লা চরিত্রে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা।
চলতি মাসের শেষের দিকে প্রভা শুটিং ইউনিটে যোগ দেবেন এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুরো সিরিজের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও তৃতীয় সিজনে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবিসহ একঝাঁক তারকা।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।