উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে।
আটকের আগে জ্যোতিকা জ্যোতি ফেসবুকে লাইভ করেন। এ সময় তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়।
পুলিশের দাবি, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া, এক ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছিলেন। ২০১৯ সাল থেকে তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
