‘এবেনেজার’ নিয়ে ফিরেই টপ চার্টে জনি ডেপ
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
এবেঞ্জার মুভির একটি দৃশ্যে জনি ডেপ।
দীর্ঘ বিরতির পর হলিউডের বড় স্টুডিওর সিনেমায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে।
চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এই ছবিটি গত শুক্রবার (১৩ নভেম্বর) ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্যারামাউন্ট প্রযোজিত ৩ কোটি ৮০ লাখ ডলার বাজেটের সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ৬৭ লাখ মার্কিন ডলার।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহান্তে এর আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাবে এবং আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
টিআই ওয়েস্ট পরিচালিত এই সিনেমায় কৃপণ ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজের চরিত্রে অভিনয় করেছেন ডেপ, যেখানে বড়দিনের তিন প্রেতাত্মার আগমনে তাঁর জীবনবোধ বদলে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর পেয়েছে।
২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার ছবি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই ও বিতর্কের কারণে দীর্ঘদিন মূলধারার হলিউড থেকে দূরে ছিলেন তিনি।
এদিকে একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে মাত্র ২২ লাখ ডলার, যা প্রত্যাশার তুলনায় বেশ কম।
ডেভিড লেইচ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট ও জো ক্রাভিটজ। অন্যদিকে, সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ প্রথম দিনে ১৫ লাখ ডলার আয় করেছে।
এ ছাড়া আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’ বক্স অফিসে নিজেদের অবস্থান ধরে রেখেছে।