‘হিমু’, ‘মিসির আলী’ চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদের আজ জন্মদিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান আজো অপূরনীয়। তাঁর জন্মদিন উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তার হাতে গড়া নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীতে তরুণ প্রজন্মকে সাহ্যিতানুরাগী করতে তাঁর সাহিত্যের শক্তিশালী ভূমিকা রয়েছে।
জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা ও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে। তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীরা এ আয়োজনে অংশ নেবেন।
এদিন ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছরই প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসেন ভক্তরা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন।
দীর্ঘ সাহিত্যজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প ও নাটক রচনা করেছেন। তার সৃষ্টি করা চরিত্র হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র পাঠকদের কাছে এখনও ব্যাপক জনপ্রিয়।
তার নির্মিত চলচ্চিত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’, গ্রামীণ প্রেক্ষাপট ও লোকজ প্রেমের চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল- ব্যাপক দর্শকনন্দিত চলচ্চিত্র।
২০১২ সালে নির্মিত ‘ঘেটুপুত্র কমলা’– তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র।
তাঁর রচনা ও উপন্যাস অবলম্বনে অন্য পরিচালকদের তৈরি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে। সেগুলো হলো- মুস্তাফিজুর রহমানের পরিচালনায় শঙ্খনীল কারাগার, তৌকীর আহমেদের পরিচালনায় দারুচিনি দ্বীপ ও সর্বশেষ ২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে তাঁর নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়।