EN ☀️
×

Follow Us

বিনোদন

সংগীতশিল্পী সাহেদ আলীর মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

সংগীতশিল্পী সাহেদ আলীর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

সাহেদ আলীর ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী।

স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজের স্বতন্ত্র গায়কী ও সৃষ্টিশীলতার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন সাহেদ আলী।

এদিকে অসুস্থতার কারণে আটকে যায় দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি তার ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে এসব গান প্রকাশের পরিকল্পনা ছিল এই শিল্পীর। তবে সেই আয়োজন আর দেখে যেতে পারলেন না তিনি।

আরও পড়ুন