অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। এর আগে বাদীর পক্ষে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে লিগ্যাল নোটিশও পাঠান তিনি।
মামলার আবেদনে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন।
সেখানে আসামি বাদীকে একজন নারীকে চুম্বন করার ছবি বাদীকে না জানিয়ে তাঁর অজান্তে প্রকাশ করেন। এ ছাড়া দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, বাদীর বিষয়ে তিশা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 'সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলা আগে দেখিওনি।'
বিষয়টি গত ২৭ অক্টোবর রাত ১১টায় বাদীর নজরে এলে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের মাধ্যমে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়।
তবে লিগ্যাল নোটিশ পাঠানোর দুই দিনের মধ্যেও আসামি সেগুলো অপসারণ করেননি বলে অভিযোগ করা হয়েছে। তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীর বিষয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে বেড়ান বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ ছাড়া আসামি তাঁর জনপ্রিয়তা ব্যবহার করে ভাইরাল হওয়ার নেশায় বাদী মামলা করেছেন বলে কটূক্তি করেন। এতে বাদীর মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত বছরের ৭ নভেম্বর তাঁর ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল দিয়ে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে আসামি বাদীকে হুমকি দিয়ে বলেন, 'ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।'
