EN ☀️
×

Follow Us

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট উঠল সামিরা খান মাহির মাথায়

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট উঠল সামিরা খান মাহির মাথায়

ছবি: সংগৃহীত

অ অ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এ সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। পরে একসঙ্গে মঞ্চে হাঁটলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন। পোশাকটির কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের কারণে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন এই অভিনেত্রী।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

মিথিলার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অপেক্ষায় সামিরা খান মাহি।

আরও পড়ুন