তানজিন তিশার অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিত
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুটিং সেটে বিরোধের জেরে ও তা মীমাংসায় সংগঠনটির নির্দেশনা না মানা এবং একাধিকবার আনুষ্ঠানিক নোটিশ পাঠানোর পরও জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের ফেসবুক পেজ থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশাকে পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কোনো ধরনের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি। তানজিন তিশার সাথে অভিনেত্রী সামিয়া অথৈ’রও সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ।
