নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দিঘী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।
এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি দিঘী। তবে তাকে ঘিরে ছড়িয়ে পড়া এসব আলোচনা স্বাভাবিকভাবেই দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, নিজের মুখ থেকে কিছু না বলা পর্যন্ত তাকে নিয়ে ছড়ানো সব কথাই গুঞ্জন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন দিঘী। তাকে ঘিরে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা এসব গুঞ্জনের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানান তিনি।
দিঘী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষপাতী নন এই অভিনেত্রী। বরং বিনোদন অঙ্গনে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ ও নানা আলোচনা থাকবেই বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে দিঘীর ভাষ্য, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে। তাই প্রতিটি আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’