‘অংশীদার’ নাটকের শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
মস্তিষ্কের টিউমার, একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন সময় পেরিয়ে দীর্ঘ ৯ মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ২৬ অক্টোবর ইকসান রনি পরিচালিত ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। টানা দুই দিনের শুটিংয়ে নিজের অংশের কাজ শেষ করেছেন। অসুস্থতার সময়ও কাজে ফেরার প্রবল ইচ্ছা ছিল বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন পর সেটে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত হয়েছেন এই অভিনেত্রী। তানিয়া বলেন, পরিচালক থেকে শুরু করে সেটের সবাই তার প্রতি বিশেষ যত্ন নিয়েছেন, যা কাজ করার নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। এর আগে ৩ অক্টোবর ফেসবুক লাইভে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিং চলাকালে তীব্র মাথাব্যথা নিয়ে তানিয়ার অসুস্থতার শুরু। পরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচারের পর শুরু হয় কেমোথেরাপি। আগের লাইভে তিনি বলেছিলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’
‘অংশীদার’ নাটকে উঠে এসেছে নারীর উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকারের বিষয়। গল্পে বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন চাচা ও পরিবারের অন্যরা। ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠেন বড় বোন। তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার প্রমুখ। নাটকটি শিগগিরই ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
জটিল রোগে আক্রান্তদের উদ্দেশে তানিয়ার পরামর্শ, রোগের নাম শুনেই মনোবল হারানো যাবে না। মানসিক দৃঢ়তা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা ও পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো জরুরি। ২০১২ সালে অভিনয়জগতে আসা এই অভিনেত্রী নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নিতে চান।