EN ☀️
×

Follow Us

বিনোদন

নিঃশর্ত ক্ষমা চেয়ে দেশে থাকার অনুমতি পেলেন ইমরান খান

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

নিঃশর্ত ক্ষমা চেয়ে দেশে থাকার অনুমতি পেলেন ইমরান খান

ছবি: হিন্দুস্তান টাইমস

অ অ

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দেশ ছাড়ার নোটিশ পেয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তবে ‘শর্তহীন ক্ষমা’ চাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁকে আপাতত ভারতেই থাকার অনুমতি দিয়েছেন মুম্বাইয়ের উচ্চ আদালত।

মার্কিন নাগরিকত্ব এবং ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী এই অভিনেতাকে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) দেশ ছাড়ার যে নির্দেশ দিয়েছিল, আদালত আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত সেই নোটিশের কার্যকারিতা স্থগিত রেখেছেন।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে তরুণদের একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় পুলিশ ইমরান খানকে সাময়িকভাবে আটক করে।

তিনি একজন বিদেশী নাগরিক হয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে অভিবাসন আইন লঙ্ঘন করেছেন— এমন অভিযোগ এনে বিজেপি নেতা কিরীট সোমাইয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

এরই প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর এফআরআরও অভিবাসন ও বিদেশী নাগরিক আইন, ২০২৫- এর অধীনে একটি নোটিশ জারি করে ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। এই আদেশকে অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে ১৭ অক্টোবর মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা।

তিনি দাবি করেন, তিনি ওই বিক্ষোভের সংগঠক বা অংশীদার ছিলেন না, কেবল ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত ছিলেন।

শুনানি চলাকালীন মুম্বাই হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেন যে ওসিআই কার্ডধারীরা ভারতীয় নাগরিকদের মতো সমঅধিকার দাবি করতে পারেন না। আদালত অভিনেতাকে একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিতে বলেছেন, যেখানে উল্লেখ থাকবে যে তিনি ভবিষ্যতে আর কোনো ধরনের প্রতিবাদ বা গণআন্দোলনে অংশ নেবেন না।

একই সাথে তাঁর ওসিআই রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে এফআরআরও-এর দেওয়া কারণ দর্শানোর নোটিশেরও জবাব দিতে হবে তাঁকে।

প্রায় চার দশক ধরে ভারতে বসবাস করা এই অভিনেতা মুম্বাই হাইকোর্টের এই আদেশের ফলে সাময়িক স্বস্তি পেলেন।

আরও পড়ুন