চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত
বিনোদন অঙ্গনের অনেক তারকাই মেতেছেন হ্যালোইন উৎসবে। পশ্চিমা সংস্কৃতির এ উৎসবের ঢেউ ঢালিউড পাড়ায়ও আনন্দ ছড়িয়েছে। প্রতিবারের মতো নিজের ছেলে আইজানকে নিয়ে এ উৎসবে মেতে উঠতে দেখা গেছে ঢালিউডের দাপুটে চিত্রনায়িকা শাবনূরকে।
অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানেই ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তিনি। রবিবার (১ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন মা-ছেলের আনন্দঘন মুহূর্তের ছবি।
ছবিতে দেখা যায়, শাবনূর ও তার ছেলে আইজান দুজনের পরনেই একই নকশার পোশাক। আইজানের পরনে একই নকশার হুডি আর শাবনূরের পরনে ড্রেস। কালো রঙের পোশাকে হ্যালোইনের পরিচিত কমলা রঙের কুমড়ার নকশা।

পেছনে সাজানো কৃত্রিম কঙ্কাল, কুমড়ার আকৃতিতে লণ্ঠন, রঙিন বাতি আর ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন। ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিয়েছেন মা-ছেলে।
ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও ভালোবাসা ও শুভেচ্ছা পাচ্ছেন তিনি।
ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানো কিংবা বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন শাবনূর।
এর আগে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রেও ঘুরতে গিয়েছিলেন তিনি। গত বছরও আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছিলেন এই অভিনেত্রী। সেবার মা-ছেলেকে দেখা গিয়েছিল ভৌতিক সাজে।