শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ এএম
অভিনেতা শিবা শানু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্ব পালনের জন্য শিবা শানুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। ফলে শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্ব নিতে হলে তাঁকে সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
