EN ☀️
×

Follow Us

বিনোদন

‘পেড্ডি’ বিতর্কের পর আত্মসমালোচনায় জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

‘পেড্ডি’ বিতর্কের পর আত্মসমালোচনায় জাহ্নবী কাপুর

‘পেড্ডি’ বিতর্কে নিজের দায় স্বীকার করলেন জাহ্নবী কাপুর। ছবি: আইএমডিবি

অ অ

দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে বিতর্কের মুখে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হয়ে এসে তিনি বলেন, দৃশ্যগুলো নিয়ে আরো জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তার।

সিনেমাটিতে তার চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন ও নারীর অবমাননার অভিযোগ উঠেছিল। অনুষ্ঠানে করণ জানতে চান, সমালোচনার সময় তিনি নিজে কেন দৃশ্যগুলো ঠেকানোর চেষ্টা করেননি এবং বিষয়টি তাকে কীভাবে প্রভাবিত করেছে।

জবাবে জাহ্নবী জানান, অনেকের পরিশ্রমে তৈরি সিনেমা নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। তবে এ ধরনের উপস্থাপন সমাজে, বিশেষ করে নারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে ভেবে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, ‘এই ঘটনার ক্ষেত্রে আমার নিজের দায়টুকু স্বীকার করা জরুরি।’ তার ভাষায়, ‘এই লজ্জা আমাকে সব সময় বয়ে বেড়াতে হবে।’

নিজের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, আরো সতর্ক হতে পারতেন, আরো জোরালোভাবে প্রতিবাদ করতে পারতেন। সমালোচনার যৌক্তিকতাও স্বীকার করেন তিনি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেটিই এখন তার লক্ষ্য।

তবে শুটিংয়ে অভিনেতারা সব ক্ষেত্রে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন না বলেও জানান জাহ্নবী। পরিচালকের নির্দেশ মানাকে পেশাদারত্বের অংশ ধরার চাপ থাকে। চিত্রনাট্যে ক্যামেরার কোণ বা দৃশ্য শেষ পর্যন্ত কেমন দেখাবে, তা সব সময় স্পষ্ট থাকে না। তিনি এ কথা দায় এড়াতে বলছেন না বলেও স্পষ্ট করেন।

জাহ্নবী বলেন, সুবিধাজনক অবস্থান থেকে এসেছেন বলে প্রতিবাদের সুযোগও তার বেশি ছিল।

কী নিয়ে বিতর্ক

পরিচালক বুচি বাবু সানার ‘পেড্ডি’তে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী। তার অচিয়াম্মা চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের একাংশ আপত্তি তোলেন। বিতর্কের পর পরিচালক প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। মুক্তি পাওয়া সংস্করণ থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়া বা সম্পাদনা করা হয়।

আরও পড়ুন