EN ☀️
×

Follow Us

বিনোদন

হামলার চার দিনের মধ্যে মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার শ্রফ

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

হামলার চার দিনের মধ্যে মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার শ্রফ
অ অ

বলিউড অভিনেতা টাইগার শ্রফ মুম্বাইয়ের খার ওয়েস্ট এলাকায় অবস্থিত তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৯ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন। জুহু এলাকায় তাঁর বাসস্থান লক্ষ্য করে বন্দুকধারীদের অতর্কিত হামলার ঠিক চার দিনের মাথায় এই সম্পত্তি বিক্রির চুক্তিটি সম্পন্ন হলো।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্ল্যাট বিক্রির এই আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন হয়।

এনডিটিভির সংবাদ অনুযায়ী, টাইগারের এই ফ্ল্যাটটি খার ওয়েস্টের মেইন অ্যাভিনিউ রোডের একটি আবাসিক কমপ্লেক্সের নবম তলায় অবস্থিত। ১ হাজার ২৯১ বর্গফুট কার্পেট এরিয়ার এই ফ্ল্যাটটিতে ৯৫.৮০ বর্গফুটের একটি এক্সক্লুসিভ এরিয়া এবং দুটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

চুক্তিটি সম্পন্ন করতে ক্রেতা প্রায় ৫৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি বা কর পরিশোধ করেছেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে ৭.৬১ কোটি রুপিতে ডেভেলপার প্রতিষ্ঠান থেকে সরাসরি ফ্ল্যাটটি কিনেছিলেন টাইগার।

বর্তমান বিক্রয়মূল্য অনুযায়ী, অভিনেতা তাঁর কেনা দামের চেয়ে প্রায় ১৮.৩ শতাংশ বেশি মুনাফা লাভ করলেন।

এই ফ্ল্যাট বিক্রির ঠিক চার দিন আগে, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় এক প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান টাইগার শ্রফ। মোটরবাইকে আসা তিন বন্দুকধারী টাইগারের গাড়ি লক্ষ্য করে হঠাৎ পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়ে।

এই আকস্মিক হামলায় টাইগারের গাড়িচালক এবং একজন পথচারী গুরুতর আহত হন। তবে ভাগ্যক্রমে বড় কোনো আঘাত ছাড়াই বেঁচে যান এই একশন হিরো।

গুলির কারণে টাইগারের হাত ও বাহুতে কেবল সামান্য গানপাউডারের পোড়া দাগ লেগেছিল।

নিরাপত্তাঝুঁকি নাকি স্বাভাবিক ব্যবসায়িক সিদ্ধান্ত— তা এখনো স্পষ্ট না হলেও, এই ভয়ানক হামলার রেশ কাটতে না কাটতেই টাইগারের দ্রুত ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্তটি বলিপাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন