EN ☀️
×

Follow Us

বিনোদন

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

‘নাটক মনুষ্যত্ব ও বিবেককে শাণিত করে’ এই প্রতিপাদ্যে নতুন নাট্যকর্মী সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক, আর্ন্তজাতিক নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইস্রাফিল শাহিন কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র দেন।

এসময় তিনি বলেন, নাটক বা পারফর্মিং আর্ট কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের সংগ্রাম, আত্মশুদ্ধি এবং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। হতাশা বা পরাজয়ে জীবন শেষ করা নয় বরং সংগ্রামের মধ্য দিয়ে জীবন ও সুখ খুঁজে নেওয়াই নাটকের মূল বার্তা হওয়া উচিত বলে উল্লেখ করেন।

তিনি অভিনেতার দেহভাষা, মনস্তত্ত্ব এবং 'সত্যের পথে যাত্রা'র ওপর বিশেষ জোর দিয়ে বলেছেন, অভিনয়ে কৃত্রিমতার চেয়ে অভ্যন্তরীণ সত্য ও শারীরিক ভাষার সমন্বয় জরুরি।

এছাড়া ঢাকার আরণ্যক নাট্য দলের জ্যেষ্ঠ শিল্পী ও খ্যাতিমান সঙ্গীত পরিচালক পরিমল মজুমদার মুখ্য প্রশিক্ষক হিসেবে এ কর্মশালা পরিচালনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান ও ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি লুতফর রহমান মিঠু এবং নাট্যকার ও নির্দেশক মো:শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস, এম জসিম উদ্দিন। 

কর্মশালায়  নাটকের আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয়, কণ্ঠশীলন, চরিত্র রূপায়ন, তাৎক্ষণিক অভিনয়, সঠিক উচ্চারণ, তাল, লয়সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়।

স্থানীয় নাট্য সংগঠন ‘শাপলা নাট্য গোষ্ঠী’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৫০জন নাট্যকর্মী অংশ নেন।

আরও পড়ুন