EN ☀️
×

Follow Us

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

টম ক্রুজ। ছবি: সংগৃহীত

অ অ

হলিউডের কালজয়ী অভিনেতা ও সফল প্রযোজক টম ক্রুজকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্মারক ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ আগামী বছরের এপ্রিলে হলিউডে আয়োজিত এক জমকালো বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হবে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে বুধবার (২১ অক্টোবর) আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ঘোষণা দিলেও সম্মাননা প্রাপ্তির বিষয়ে টম ক্রুজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্বজুড়ে চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার ও সিনেমা শিল্পের বিকাশে নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান এএফআই চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সাল থেকে প্রতিবছর এই সম্মাননা দিয়ে আসছে।

এর আগে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর এবং টম হ্যাংকসের মতো হলিউডের কিংবদন্তি তারকারা এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন।

কাজের প্রতি টম ক্রুজের একনিষ্ঠতা ও অনবদ্য পেশাদারিত্বের প্রশংসা করে এএফআই-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিখ্যাত প্রযোজক ক্যাথলিন কেনেডি বলেন, “অভিনেতা ও প্রযোজক উভয় ভূমিকায় ক্রুজ নিজের প্রতিটি চলচ্চিত্রে অসাধারণ অঙ্গীকারের পরিচয় দিয়ে আসছেন। সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে আপামর মানুষকে এক সুতোয় বাঁধতে পারে— তাঁদের এই জীবনবোধ সত্যিই প্রশংসনীয়।”

‘রিস্কি বিজনেস’ ও ‘টপ গান’-এর মতো কালজয়ী সিনেমা দিয়ে রুপালি পর্দায় ঝড় তোলা টম ক্রুজ দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল ও সমাদৃত চলচ্চিত্র উপহার দিয়েছেন।

বিশেষ করে বিশ্বখ্যাত ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করা দুধর্ষ সব রিয়ালিস্টিক স্টান্ট ও অ্যাকশন সিকোয়েন্স তাঁকে বিশ্বজুড়ে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

অভিনয় নৈপুণ্যের জন্য তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তাঁকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়।

তাঁর ঝুলিতে রয়েছে ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’ ও ‘রেইন ম্যান’-এর মতো বহু আলোচিত চলচ্চিত্র। অ্যাকশন, থ্রিলার ও নাট্যধর্মী— সব ঘরানার সিনেমাতেই স্বাচ্ছন্দ্য বিচরণের মাধ্যমে কয়েক দশক ধরে হলিউডে নিজের একক আধিপত্য ধরে রেখেছেন এই তারকা।

তবে ক্রুজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে কিছুটা ব্যর্থ হয়েছে।

ছবিটির উদ্বোধনী সপ্তাহান্তে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছিল। তবে এই সাময়িক ধাক্কা যে ক্রুজের বৈশ্বিক জনপ্রিয়তায় কোনো দাগ ফেলতে পারেনি, এএফআই-এর এই সর্বোচ্চ সম্মাননা ঘোষণাই তার বড় প্রমাণ।

আরও পড়ুন