রাসেল খান। ছবি: সংগৃহীত
তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের সুরে দেশের সংগীতাঙ্গনকে মাতিয়ে রাখা গুণী যন্ত্রসংগীতশিল্পী রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল খান বেশ কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন এবং জানান যে তিনি স্ট্রোক করেছিলেন।
দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব শীর্ষস্থানীয় সংগীতশিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন রাসেল খান। কনসার্ট বা লাইভ মঞ্চে শিল্পীদের গানের সাথে তাঁর গিটারের সুর ছিল এক চেনা অনুষঙ্গ।
গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে চমৎকার গানও গাইতেন তিনি। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে শেষবারের মতো মঞ্চে গিটার বাজিয়েছিলেন এই শিল্পী।
রাসেল খানের আকস্মিক মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহকর্মী, সংগীতশিল্পী ও শুভানুধ্যায়ীরা তাঁর সাথে কাটানো স্মৃতি স্মরণ করে শোক প্রকাশ করছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বনানীতে জানাজা শেষে তাঁর মরদেহ বিক্রমপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।