সিনেমা ও ব্যবসায় সাফল্যের নতুন মাইলফলকে সামান্থা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
সিনেমার তারকাদের প্রভাব এখন আর শুধু বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরেও প্রচারণা ও ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন অনেকে। সেই তালিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
অভিনয়ের পাশাপাশি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত সামান্থা। এর মধ্যে রয়েছে পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। প্রতিষ্ঠানটির আয়ও দ্রুত বাড়ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’-এর আয় বেড়েছে আট গুণ। এতে প্রতিষ্ঠানটির আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।
ব্যবসার পাশাপাশি সিনেমাতেও সাফল্য পেয়েছেন সামান্থা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। বক্স অফিসে সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
সিনেমা ও ব্যবসায়িক উদ্যোগের এই সাফল্যে উচ্ছ্বসিত সামান্থা। তিনি বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। “মা ইন্তি বাঙ্গারাম” এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, “সিক্রেট অ্যালকেমিস্ট” হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা। এখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী।’
এই সাফল্যের পেছনে মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের কথা উল্লেখ করে সামান্থা আরও বলেন, ‘মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।’
পারফিউম ব্র্যান্ডের বাইরেও সামান্থার রয়েছে একাধিক ব্যবসায়িক উদ্যোগ। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। এটি ভারতীয় নারীদের জন্য একটি সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।
এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন সামান্থা। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সহপ্রতিষ্ঠাতাও তিনি।