EN ☀️
×

Follow Us

বিনোদন

রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ বিজয়, জানালেন মুগ্ধতার কথা

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ বিজয়, জানালেন মুগ্ধতার কথা

ছবি: সংগৃহীত

অ অ

দক্ষিণী সিনেমার তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা ব্যস্ত সময় পার করছেন তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’র প্রচার নিয়ে।

শুক্রবার (১৬ অক্টোবর) তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগে এক অনুষ্ঠানে স্ত্রী রাশমিকাকে প্রশংসায় ভাসিয়েছেন বিজয়। তাঁকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী উল্লেখ করে তাঁর অভিনয় ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন এ তারকা।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরে বিয়ের পর প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন বিজয় ও রাশমিকা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তাঁরা। ‘রণবলী’ তাঁদের একসঙ্গে অভিনীত তৃতীয় সিনেমা।

সিনেমাটির প্রচার অনুষ্ঠানে রাশমিকাকে জয়াম্মা চরিত্রে নেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর ভাষ্য, এ চরিত্রে রাশমিকাকে নেওয়া নিয়ে কোনো সংশয়ই ছিল না। জয়াম্মার চরিত্রে রাশমিকাই অভিনয় করবেন, সেটি শুরু থেকেই নিশ্চিত ছিল। তাঁর মতে, এ চরিত্রে রাশমিকার বিকল্প কেউ হতে পারতেন না।

রাশমিকাকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘এই চরিত্রে তোমার মতো আর কেউ অভিনয় করতে পারত না। তুমি দারুণ কাজ করেছ।’

স্ত্রীর অভিনয়দক্ষতার পাশাপাশি ব্যক্তি হিসেবেও তাঁর উন্নতির প্রশংসা করেন বিজয়। একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অভিনেত্রী ও মানুষ হিসেবে রাশমিকা অনেকটা এগিয়ে গেছেন। তাঁর মধ্যে বরাবরই প্রবল জেদ ও কাজ করার অসাধারণ ক্ষমতা রয়েছে।

রাশমিকার কাজের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করে বিজয় বলেন, ‘তোমার মধ্যে বরাবরই অদ্ভুত জেদ আর কাজ করার ক্ষমতা রয়েছে। মনে হয়, কোনো মানুষ যেন রোবটের মতো কাজ করে চলেছে। তোমার এই উন্নতি দেখে আমার সত্যিই খুব গর্ব হয়।’

রাশমিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে বিজয় আরও বলেন, তাঁর সঙ্গে সিনেমায় কাজ করতে খুব ভালো লাগে। রাশমিকাকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী। তোমার সঙ্গে কাজ করলে নিজের বাড়িতে থাকার মতো অনুভূতি হয়।’

বাস্তব জীবনে জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি পর্দায়ও একাধিকবার জুটি বেঁধেছেন বিজয় ও রাশমিকা। এবার ‘রণবলী’তে তাঁদের রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটিই দেখার অপেক্ষা।

আরও পড়ুন