EN ☀️
×

Follow Us

বিনোদন

মারায়া কেরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস এলা ল্যাংলির

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

মারায়া কেরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস এলা ল্যাংলির
অ অ

টানা ২৩ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে থেকে নতুন রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তার জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ ভেঙে দিয়েছে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড। গানটি এখন বিলবোর্ডের ইতিহাসে সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকা গান।

‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গান দিয়ে রেকর্ডটি করেছিলেন মারায়া কেরি। ১৯৯৪ সালে প্রকাশিত গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল।

গত সপ্তাহে কেরির রেকর্ড ছুঁয়ে যৌথভাবে শীর্ষ রেকর্ডের মালিক হয়েছিল ‘চুজিন’ টেক্সাস’। এবার ২৩তম সপ্তাহে এসে এককভাবে রেকর্ডটি নিজের করে নিল এলা ল্যাংলির গান।

তবে রেকর্ডটি কত দিন ল্যাংলির দখলে থাকবে, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, বড়দিনের মৌসুম এলেই প্রতিবছর বিলবোর্ডের শীর্ষে উঠে আসে কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’। বছরের শেষ দিকে গানটি আবার এক নম্বরে ফিরলে কেরির রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।

অবশ্য তার আগেই ল্যাংলির গানটি আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকলে দুই গানের ব্যবধান আরও বাড়বে। সেই সম্ভাবনাও রয়েছে।

৪৮ সপ্তাহ ধরে চার্টে

‘চুজিন’ টেক্সাস’-এর সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গানটি শুধু পুরোনো শ্রোতাদের ওপর নির্ভর করে এগোচ্ছে না। বিলবোর্ড হট ১০০-তে গানটির অবস্থানের ৪৮ সপ্তাহ পূর্ণ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক সময়ই গানটি ছিল শীর্ষে।

সাধারণত একটি গান দীর্ঘ সময় চার্টের শীর্ষে থাকলে শ্রোতাদের আগ্রহ কমতে শুরু করে। কিন্তু ‘চুজিন’ টেক্সাস’-এর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। গানটি এখনো নতুন শ্রোতা পাচ্ছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের পপ রেডিও স্টেশনগুলো কান্ট্রি সংগীতের প্রতি আগের তুলনায় বেশি আগ্রহ দেখাচ্ছে। ফলে গানটি কান্ট্রি সংগীতের বাইরের শ্রোতাদের কাছেও পৌঁছে যাচ্ছে।

চলতি সপ্তাহে গানটির অফিশিয়াল স্ট্রিম কমেছে। তবে রেডিওতে শ্রোতা বেড়েছে। রেডিও এয়ারপ্লে থেকে গানটি পেয়েছে ৫ কোটি ৮৩ লাখ শ্রোতা। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ২ শতাংশ বেশি।

আরও পড়ুন