‘রিফাত ভাই একা নন’, অসুস্থ অভিনেতার পাশে চঞ্চল চৌধুরী
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
‘রিফাত ভাই একা নন’—অসুস্থ কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্থিক সংকটে তার চিকিৎসা ব্যাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি রিফাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রিফাত চৌধুরী শ্বাসকষ্ট, অনিদ্রা ও পায়ের সমস্যায় ভুগছেন। গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। কেবিন না পাওয়ায় এতদিন ওয়ার্ডেই তাঁর চিকিৎসা চলছিল। পরে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
রিফাতের অসুস্থতা ও আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান চঞ্চল চৌধুরী। তিনি জানান, ব্যক্তিগতভাবে রিফাতকে চেনেন এবং তার কবিতা ও অভিনয়ের ভক্ত। টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।
চঞ্চল চৌধুরী বলেন, জীবনের যেকোনো সময় যে কারও বিপদ আসতে পারে। সবাই রিফাতের পাশে থাকলে তিনি একা নন। মানবিকতার জায়গা থেকেই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রিফাতের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে যোগাযোগও করেছেন চঞ্চল। চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য জানান, চঞ্চল ফোন করে রিফাতের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। পাশাপাশি তাঁর চিকিৎসা যথাযথভাবে চালিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
চঞ্চল চৌধুরী জানিয়েছেন, রিফাতের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো তার পাশে থাকবেন।