EN ☀️
×

Follow Us

বিনোদন

নতুন রূপে রাশমিকা, ‘মাইসা’র টিজারে চমক

‘মাইসা’ মুক্তি পাবে ২৭ নভেম্বর। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

নতুন রূপে রাশমিকা, ‘মাইসা’র টিজারে চমক

‘মাইসা’ সিনেমার টিজারে অ্যাকশন চরিত্রে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। ছবি: সংগৃহীত

অ অ

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচিতি রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে। তবে নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে দেখা গেল একদম অন্য এক রাশমিকাকে। হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে মারামারি, ঘাড় ভাঙা থেকে শুরু করে পানির নিচে লড়াই—সব দৃশ্যেই দেখা গেছে তাঁকে। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

গতকাল রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে, যিনি জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও হার মানতে রাজি নন।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’ এরপরই বদলে যায় দৃশ্যপট। হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি এবং লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

টিজারে রাশমিকাকে দেখা গেছে হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে। একের পর এক অ্যাকশন দৃশ্যে কখনো প্রতিপক্ষের হাত-পা কাটছেন, কখনো লাথিতে ঘাড় ভেঙে দেওয়ার মতো আঘাত করছেন। আছে মোটরসাইকেল চালানোর দৃশ্যও। সবচেয়ে নজরকাড়া অংশ পানির নিচের লড়াই, যেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়েছেন তিনি।

এই চরিত্রের জন্য রাশমিকাকে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর টেনডন ছিঁড়ে যায়, যা বেশ যন্ত্রণাদায়ক ছিল।

সাধারণত বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের গ্ল্যামারনির্ভর উপস্থিতিতে দেখা যায়। ‘মাইসা’য় তার ছিটেফোঁটাও নেই। বরং রাশমিকাকে দেখা গেছে মাটির কাছাকাছি, শক্তিশালী ও ভয়ডরহীন এক নারীর ভূমিকায়।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়াও ইতিবাচক। ইউটিউবে হিন্দি টিজারের এক মন্তব্যে লেখা হয়েছে, নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত। আরেক দর্শক লিখেছেন, প্রথমবার মনে হচ্ছে কোনো নারী অভিনেত্রীকে গ্ল্যামারের জন্য নয়, অভিনয়দক্ষতার জন্য নেওয়া হয়েছে।

ছবিতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

‘মাইসা’ মুক্তি পাবে ২৭ নভেম্বর। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া এই হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামায় তাঁর সঙ্গে ছিলেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।

আরও পড়ুন