EN ☀️
×

Follow Us

বিনোদন

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

অ অ

সালমান শাহর জন্মদিনে নব্বইয়ের দশকের স্মৃতিতে ফিরে গেলেন চিত্রনায়িকা শাবনূর। প্রিয় সহশিল্পীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় তিনি তুলে ধরেছেন শুটিংয়ের দিনের নানা স্মৃতি ও সালমানের মানবিক গুণের কথা। একই সঙ্গে প্রয়াত এই অভিনেতাকে নিয়ে অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন শাবনূর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর জন্মদিন উপলক্ষে দেয়া বিশেষ পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন, শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।

সালমান শাহর সঙ্গে শুটিংয়ের স্মৃতি তুলে ধরে শাবনূর বলেন, শুটিং সেটে তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ। আশপাশের প্রতিটি মানুষকে তিনি সম্মান করতেন। শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতেন না।

শাবনূর আরও লেখেন, সালমান সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন এবং আপন করে যত্ন নিতেন। তার সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পুরোনো দিনের স্মৃতি মনে করে শাবনূর বলেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে। সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লেখেন, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

পাশাপাশি সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। শাবনূর বলেন, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার আহ্বান জানিয়ে তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে হৃদয়ে ধরে রাখার অনুরোধ করেন তিনি।


নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’-এর মতো চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের মনে আজও অমলিন।

আরও পড়ুন