EN ☀️
×

Follow Us

বিনোদন

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ের গুঞ্জন

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা দাবি।

অ অ

‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়েছে। দাবি উঠেছে, কমেডিয়ান-ইউটিউবার সময় রায়নার সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। আবার আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, জুলাইয়েই গোপনে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। তবে মেধা বা সময়—কেউই এসব দাবি নিজেরা নিশ্চিত করেননি।

সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধার উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

গত আগস্টে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন। সেখানে এক দর্শক সময়কে জিজ্ঞেস করেন, প্যানেলিস্টদের মধ্যে কার সঙ্গে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। জবাবে সময় বলেন, ‘মেধা শঙ্কর আমার খুব কাছের।’ এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।

তবে সময়কে সম্প্রতি শ্যারন ভার্মার সঙ্গেও প্রেমের গুঞ্জনে জড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সময় লেখেন, ‘না ভাই, ইন্টারনেটই এসব বানাচ্ছে।’ তবে মেধার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, মেধা ও সময় আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সময়ের পরিবারের ঘনিষ্ঠ এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেই এই খবর জেনেছেন। পোস্টে আরও দাবি করা হয়, তাঁরা বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এবং দেশে ফিরে বিয়ের প্রস্তুতি শুরু করবেন। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই আরেকটি রেডিট পোস্টে আরও চমকপ্রদ দাবি করা হয়—ডিসেম্বরে নয়, মেধা ও সময়ের বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে। পোস্টদাতার দাবি, প্রায় দুই মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেছেন তাঁরা, এবং এই তথ্য তিনি মেধার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে পেয়েছেন। তবে এই দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।

মেধা ও সময়কে নিয়ে প্রেমের গুঞ্জনের পেছনে রয়েছে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি-ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি। সম্প্রতি একটি ভিডিওতে তাঁদের ভিড়ের মধ্যে পাশাপাশি হাঁটতে দেখা যায়। কেউ কেউ দাবি করেন, ক্যামেরার উপস্থিতি টের পেয়ে তাঁরা আলাদা পথে চলে যান।

মেধা ও সময়ের একই সময়ে ছুটিতে যাওয়ার পোস্টও ভক্তদের নজর এড়ায়নি। এরপরই সুইজারল্যান্ডে তাঁদের একসঙ্গে থাকার দাবি ছড়িয়ে পড়ে। তবে প্রমাণ হিসেবে দেখানো ছবিতে শুধু একজন পুরুষ ও একজন নারীর পেছনের অংশ দেখা যায়—ছবির ওই দুজন আসলেই মেধা ও সময় কি না, তা নিশ্চিত করার কোনো উপায় নেই।

আরও পড়ুন