EN ☀️
×

Follow Us

বিনোদন

প্রথম প্রেম কি ভোলা যায়? আজ সেই পুরোনো ভালোবাসাকে মনে করার দিন!

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

প্রথম প্রেম কি ভোলা যায়? আজ সেই পুরোনো ভালোবাসাকে মনে করার দিন!
অ অ

প্রথম প্রেম কি সত্যিই ভোলা যায়? জীবনের প্রথম ভালো লাগা, প্রথম অপেক্ষা, লুকিয়ে লুকিয়ে প্রিয় মানুষটির দিকে তাকানো কিংবা মনের কথা বলতে না পারার সেই অনুভূতি অনেকের কাছেই থেকে যায় আজীবনের বিশেষ স্মৃতি হয়ে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রেম দিবস (ফার্স্ট লাভ ডে)। প্রচলিত তথ্যানুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির প্রচলন শুরু হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশেও এটি পরিচিতি পায়। জীবনের প্রথম ভালো লাগার মানুষটিকে স্মরণ করার উপলক্ষ হিসেবেই দিনটি পালন করা হয়।

প্রথম প্রেম অনেক সময় নিঃশব্দেই জীবনে আসে। কারও হাসি ভালো লাগতে শুরু করে, তাকে না দেখলে মন খারাপ হয়, কথা বলার সুযোগ পেলে অকারণেই ভালো লাগে। কখন যে সেই ভালো লাগা প্রেমে রূপ নেয়, তা অনেক সময় নিজের কাছেও ধরা পড়ে না।

প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের অনেক ‘প্রথম’—প্রথম দেখা, প্রথম কথা, প্রথম একসঙ্গে হাঁটা, প্রথম অপেক্ষা কিংবা কাউকে লুকিয়ে ভালো লাগার অনুভূতি। সম্পর্কটি শেষ পর্যন্ত টিকে থাকুক বা না থাকুক, সেই মুহূর্তগুলো অনেকের কাছেই থেকে যায় অমূল্য স্মৃতি হয়ে।

সাহিত্য ও সংগীতেও প্রথম প্রেমের স্মৃতি বারবার ফিরে এসেছে। নচিকেতার গান থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, মহাদেব সাহা ও আহসান হাবীবের কবিতায় প্রেম, অপেক্ষা, আনন্দ ও বিচ্ছেদের নানা অনুভূতি উঠে এসেছে।

তবে প্রথম প্রেমের গল্প সব সময় পূর্ণতা পায় না। কারও জীবনে তা পরিণতি পায়, আবার কারও কাছে থেকে যায় অপূর্ণ এক অধ্যায় হয়ে। কেউ প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গেই জীবন কাটান, আবার কেউ সময়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পুরোনো স্মৃতিকে পেছনে ফেলে এগিয়ে যান।

তবু প্রথম প্রেমের জায়গাটি আলাদা। কারণ জীবনে প্রথমবার কাউকে ঘিরে যে আবেগ, উত্তেজনা, অপেক্ষা, অভিমান কিংবা ভালো লাগা তৈরি হয়, তার অভিজ্ঞতা অন্য কোনো সম্পর্কের সঙ্গে পুরোপুরি মেলে না।

হুমায়ুন আজাদের একটি বহুল উদ্ধৃত উক্তি রয়েছে—‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

তাই প্রথম প্রেম দিবস হতে পারে পুরোনো স্মৃতির পাতায় একবার ফিরে তাকানোর উপলক্ষ। প্রথম ভালোবাসার মানুষটি আজ জীবনে থাকুন বা না থাকুন, তাঁর সঙ্গে জড়িয়ে থাকা কিছু মুহূর্ত হয়তো এখনো মনের কোনো কোণে ঠিক আগের মতোই রয়ে গেছে।

আর সেই মানুষটিই যদি আজও পাশে থাকেন, তাহলে ১৮ সেপ্টেম্বর হয়ে উঠতে পারে দুজনের জন্য আরও একটু বিশেষ দিন।

আরও পড়ুন