EN ☀️
×

Follow Us

বিনোদন

ভেনিস উৎসব শুরু আজ, প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি সিনেমা

৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার যুদ্ধ-রাজনীতির গল্প বেশি, প্রথমবার জায়গা পেল বাংলাদেশের ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

ভেনিস উৎসব শুরু আজ, প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি সিনেমা

ভেনিস উৎসবে প্রথমবার জায়গা পেল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

অ অ

আজ থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং প্রতিষ্ঠানের উপস্থিতি কম। বদলে বেশি জায়গা পেয়েছে স্বাধীন সিনেমা, আর্টহাউস ছবি ও রাজনৈতিক তথ্যচিত্র। উৎসবের শিল্প পরিচালক আলবের্তো বারবেরা একে ভেনিসের সবচেয়ে রাজনৈতিক আসর বলে বর্ণনা করেছেন। এবারই প্রথম ভেনিস উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

মারডককে নিয়ে উদ্বোধনী ছবি

উৎসবের উদ্বোধনী ছবি ‘ইঙ্ক’। পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল। ছবির বিষয় প্রভাবশালী মিডিয়া মোগল রুপার্ট মারডক। ছবিতে উঠে এসেছে ৯৫ বছর বয়সী মারডকের গণমাধ্যম সাম্রাজ্যের শুরুর গল্প। বিশেষ করে ১৯৬৯ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে তাঁর প্রবেশ এবং ট্যাবলয়েড দ্য সান কেনার ঘটনা নিয়ে এগিয়েছে ছবির কাহিনি।

ইলন মাস্ককে নিয়ে চার ঘণ্টার তথ্যচিত্র

এবারের আলোচিত তথ্যচিত্রগুলোর একটি ‘মাস্ক’। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে প্রায় চার ঘণ্টার এই তথ্যচিত্র বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি। ছবিটি নিয়ে মুক্তির আগেই আপত্তি জানিয়েছেন মাস্ক। গত মাসে এক্সে তিনি লিখেছিলেন, ছবিটি তাঁর সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই বানানো হয়েছে।

গাজা ও যুদ্ধ নিয়ে একাধিক ছবি

মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ‘নাজা’। অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোরের এই ছবিতে উঠে এসেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড। আরেক ছবি ‘সিটিজেন ওসামা’য় তুলে ধরা হয়েছে গাজার এক ফটোসাংবাদিকের গল্প। ইসরায়েলি নির্মাতা আমোস গিতাইয়ের ‘রোড টু জেরিকো’তে দেখানো হয়েছে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড।

রাশিয়া, ইউক্রেন ও নিপীড়নের গল্প

জুলিয়া লোকতেভের ‘মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ২—এক্সাইল’-এ রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার ওপর দমন-পীড়নের গল্প উঠে এসেছে। বেলারুশের রাজনৈতিক নিপীড়ন নিয়ে তৈরি ‘লেটার্স ফ্রম দ্য সাইলেন্সড কান্ট্রি’রও বিশ্ব প্রিমিয়ার হবে ভেনিসে। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে রুশ বংশোদ্ভূত নির্মাতা ইলিয়া খ্রঝানোভস্কির ছবি ‘দাউ’কে ঘিরে। ছবিটি মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় আপত্তি জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসব পরিচালক বারবেরা অবশ্য সমালোচনার মুখেও সিদ্ধান্ত থেকে সরে আসেননি।

হলিউডের অনুপস্থিতিতে সুযোগ পেল ইন্ডি সিনেমা

গত বছর ভেনিসে হলিউডের বড় স্টুডিও এবং নেটফ্লিক্স, অ্যামাজনের মতো স্ট্রিমিং প্রতিষ্ঠান বড় আয়োজন নিয়ে এসেছিল। এবার তারা অনেকটাই অনুপস্থিত। বার্লিন ও কান উৎসবেও একই চিত্র দেখা গেছে। ফলে ভেনিসে এবার বাড়তি নজর পাচ্ছে স্বাধীন ও শৈল্পিক ঘরানার সিনেমা। এর মধ্যে আছে আইরিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’, যেখানে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল। আছে জার্মান নির্মাতা ভের্নার হার্ৎসগের ‘বাকিং ফাস্টার্ড’, যেখানে অভিনয় করেছেন দুই বোন কেট মারা ও রুনি মারা। মূল প্রতিযোগিতায় আছেন জাপানের হিরোকাজু কোরেদা তাঁর ছবি ‘লুক ব্যাক’ নিয়ে এবং দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দং তাঁর ছবি ‘পসিবল লাভ’ নিয়ে।

তারকার উপস্থিতিও কম নয়

হলিউডের ছবি কম এলেও তারকার অভাব নেই। রবার্ট প্যাটিনসনকে দেখা যাবে ল্যান্স ওপেনহাইমের ছবি ‘প্রাইমটাইম’-এ, যেখানে তিনি উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন। জর্জ ক্লুনি ও অভিনেত্রী এলেন বার্স্টিন পাচ্ছেন আজীবন সম্মাননা। স্পেনের তারকা দম্পতি পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেমকে দেখা যাবে ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের ছবি ‘বাংকার’-এ, যেখানে তাঁরা অভিনয় করেছেন বাস্তব জীবনের স্বামী-স্ত্রীর ভূমিকায়।

নারী নির্মাতার সংখ্যা নিয়ে বিতর্ক

উৎসব শুরুর আগেই নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুলাইয়ে মূল প্রতিযোগিতার ২০টি ছবির তালিকায় দেখা যায়, মাত্র একজন নারী নির্মাতার ছবি জায়গা পেয়েছে, মে এল-তুখির ‘ওম্যান আননোন’। এ নিয়ে চলচ্চিত্রশিল্পের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। পরিচালক বারবেরার মন্তব্য নতুন বিতর্ক তৈরি করে। পরে ‘নাজা’ যুক্ত হওয়ায় নারী প্রতিনিধিত্ব সামান্য বেড়েছে, কারণ ছবিটির সহপরিচালক একজন নারী।

প্রথমবার প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা পেয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবের অরিজোন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারকে ঘিরে তৈরি এই মনস্তাত্ত্বিক হরর সিনেমায় অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। ছবিটি নির্মিত হয়েছে পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। ৫ সেপ্টেম্বর ভেনিসে হবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার। এ উপলক্ষে নির্মাতা ও কলাকুশলীদের ৩ সেপ্টেম্বর ভেনিসে যাওয়ার কথা।

গান নিয়েও থাকছে আকর্ষণ

সংগীতপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে আবার একসঙ্গে হওয়া ওয়েসিসের দুই ভাই নোয়েল ও লিয়াম গ্যালাঘার তাঁদের আলোচিত ‘কামব্যাক ট্যুর’ নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রিমিয়ারে আসতে পারেন। ‘ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’ নামের এই তথ্যচিত্রে উঠে আসবে পুনর্মিলনী সফরের নানা অজানা গল্প।

আরও পড়ুন