অ্যাভাটারকে টপকে তিনে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে।
টম হল্যান্ড অভিনীত সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বক্স অফিসে আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে আয়ের তালিকায় জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-কে টপকে এটি এখন সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমাটি বৈশ্বিক বক্স অফিসে ২৩৩ কোটি মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
রবিবারের স্টুডিওর হিসাব অনুযায়ী, টানা পঞ্চম সপ্তাহান্তেও উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে রয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এ সপ্তাহে ছবিটি আয় করেছে ২ কোটি ২২ লাখ ডলার। এর ফলে বিশ্বজুড়ে মোট আয় দাঁড়িয়েছে ২.৩৩ বিলিয়ন ডলার, যা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ২.৩২ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে। মুক্তির পঞ্চম সপ্তাহে ছবিটির আয় মাত্র ৪৪ শতাংশ কমেছে।
সর্বকালের সেরা পাঁচ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘অ্যাভাটার’ (২৯২ কোটি ডলার)। দ্বিতীয় স্থানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২৭৯ কোটি ডলার), তৃতীয় স্থানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (২৩৩ কোটি ডলার), চতুর্থ স্থানে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২৩২ কোটি ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে ‘টাইটানিক’ (২২৫ কোটি ডলার)। উত্তর আমেরিকার ঘরোয়া বাজারে ছবিটি এখন পর্যন্ত ৮৯ কোটি ১ লাখ ডলার আয় করেছে। ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-এর ৯৩ কোটি ৬ লাখ ডলারের রেকর্ড ভাঙতে আর সামান্য আয়ের প্রয়োজন।
এই সাফল্যের ফলে মাত্র ৩০ বছর বয়সে হলিউড ইতিহাসের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী তারকা হয়েছেন টম হল্যান্ড। একই সঙ্গে তিনি সর্বকালের সেরা আয়ের তালিকায় থাকা অভিনেতাদের মধ্যে সর্বকনিষ্ঠ।