পাপ-পুণ্য, হিংসা আর অস্তিত্বের সংকট নিয়ে মঞ্চে আসছে ‘পুণ্যাহ’
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত
পাপ-পুণ্যের হিসাব-নিকাশ, হিংসা-বিদ্বেষ এবং অস্তিত্বের সংকটকে উপজীব্য করে মঞ্চে আসছে নাটক ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।
নাটকের গল্পে কাঁকুড়গাছি নামের একটি গ্রাম এক ভয়াবহ ঝড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়। বিপর্যস্ত জনপদের মানুষ এরপর পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক জটিল গোলকধাঁধায় আটকে পড়ে। হিংস্রতার থাবায় বিপর্যস্ত হয়ে ওঠে গোটা সমাজ। সংস্কার ও সামাজিক সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ মানুষ ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে এক জনপদের বিদ্বেষ ছড়িয়ে পড়ে অন্য জনপদে, যার বিস্তার ঘটে গোটা বিশ্বে।
কাঁকুড়গাছির বিধ্বস্ত মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে নাটকটি তুলে ধরে বৃহত্তর মানবসমাজের সংকট ও সংগ্রামের প্রতিচ্ছবি। একটি জনপদের গল্প ধীরে ধীরে হয়ে ওঠে গোটা বিশ্বের মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতীক।
নাটকটির অন্যতম শক্তি একদল দক্ষ অভিনয়শিল্পীর প্রাণবন্ত পরিবেশনা। ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ সব অভিনয়শিল্পী তাঁদের দক্ষ অভিনয়ের মাধ্যমে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছেন। তাঁদের অভিনয় দর্শকদের দুই ঘণ্টারও বেশি সময় মঞ্চের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখে।
নির্দেশক ইউসুফ হাসান অর্ক নবীন ও প্রবীণ অভিনেতাদের দক্ষতার সঙ্গে সমন্বয় করেছেন। আলো, মঞ্চসজ্জা, সংগীত ও অভিনয়ের সম্মিলিত প্রয়াসে ‘পুণ্যাহ’ সমকালীন মঞ্চনাটকে একটি ব্যতিক্রমী ও নান্দনিক সংযোজন হয়ে উঠেছে।
নাট্যসংশ্লিষ্টরা মনে করছেন, মানবিক সংকট, হিংসা, বিদ্বেষ ও অস্তিত্বের প্রশ্নকে সামনে রেখে ‘পুণ্যাহ’ দর্শকদের জন্য তৈরি করবে ভিন্নধর্মী এক নাট্য-অভিজ্ঞতা।