EN ☀️
×

Follow Us

বিনোদন

পূজায় আসছে রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’

প্রধান চরিত্রে থাকছেন নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

পূজায় আসছে রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’, কেন্দ্রীয় চরিত্রে নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

অ অ

অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘আন্ধার’ মুক্তি পাবে আগামী অক্টোবরে দুর্গাপূজার সময়। পরিচালক রায়হান রাফী গণমাধ্যমকে জানিয়েছেন এ তথ্য, পাশাপাশি ফেসবুকে সিনেমাটির স্থিরচিত্র প্রকাশ করে প্রচারও শুরু করেছেন তিনি।

গাজীপুর ও ময়মনসিংহে দৃশ্যধারণ শেষে বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে চলছে সিনেমাটির আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ। আগামী সেপ্টেম্বরে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটি।

রাফী জানিয়েছেন, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণ শেষে বর্তমানে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ চলছে ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে।

সিনেমাটি আগামী সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে পোস্টার, টিজার ও ট্রেইলার প্রকাশ করা হবে।

রাফী বলেন, কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি পেলে উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা চাই পূজাতেও সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসুক। পূজার ছুটি আমেজে মানুষ প্রেক্ষাগৃহে আসুক, সিনেমা দেখুক এই প্রত্যাশা নিয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘নাদিয়া’ হয়ে পর্দায় আসবেন অভিনেত্রী নাজিফা তুষি। অভিনেত্রীর একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন তিনি। যেখানে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে তুষিকে।

তুষি লিখেছেন, প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না! ধন্যবাদ রায়হান রাফী আমার লুকটা লিক করে দেওয়ার জন্য। ‘আন্ধার’- এর নদিয়া আমার অভিনয়ের সবচেয়ে প্রিয় চরিত্র। এই চরিত্রটা আমাকে অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি, আশা করি বড় পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই।

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’ এ অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। তার একটি ছবি পোস্ট করে রাফী লিখেছেন, চরিত্রটির জন্য এমন কাউকে দরকার ছিল যার বিষয়ে দর্শকের আগে থেকে ধারণা নেই। নতুনদের অভিজ্ঞতা না থাকায় ইমোশন ফুটিয়ে তোলার ক্ষেত্রে ঝুঁকি থাকে। তবে আমরা সেই রিস্ক নিয়ে জিতেছি। ‘আন্ধার’- এর পর মানুষ রেহানকে অভিনেতা হিসেবেই চিনবে।

শাকিব চৌধুরী জানান, ভৌতিক গল্পের প্রতি তাঁর ও বেজবাবা সুমনের আগ্রহ থেকেই ২০১১ সালের রিয়েলিটি শো ‘ভৌতিস্ট’- এর সময় জন্ম নেয় এই সিনেমার গল্প-ভাবনা। গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান। শাকিবের ভাষায়, পাশ্চাত্যের হরর সিনেমার বদলে বাংলাদেশি প্রেক্ষাপটে প্রেম, রহস্য ও ভয়ের মিশেলে গল্পটি সাজানো হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘২২১ বি’, যার কর্ণধার শাকিব নিজে, সঙ্গে আছেন আদনান ও সারাহ আলী।


আরও পড়ুন