EN ☀️
×

Follow Us

বিনোদন

দীর্ঘ বিরতির পর আবার চেনা ভুবনে ফিরছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

দীর্ঘ বিরতির পর আবার চেনা ভুবনে ফিরছেন সুমাইয়া শিমু
অ অ

দীর্ঘ বিরতি পেরিয়ে আবার চেনা ভুবনে ফিরছেন একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’–এর মাধ্যমে অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি। সম্প্রতি এই নাটকে সুমাইয়া শিমুর ‘লুক’ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। নাটকটিতে তাঁর চরিত্রের নাম ‘রুকাইয়া’।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর কিছুদিন আগে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছিল শিমুর। সেটি ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম ওয়েব কনটেন্ট। এবার ফিরছেন টেলিভিশন নাটকে। তবে নতুন এই কাজটির বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই অভিনেত্রী।

পারিবারিক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে পাকিস্তানি সিরিয়ালের অনুপ্রেরণায় তিনি নির্মাণ করেছিলেন ‘এটা আমাদেরই গল্প’ নামের একটি পারিবারিক ধারাবাহিক, যা প্রচারের পর দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

নতুন নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাজ জানান, ‘ফিরে আসার গল্প’ নাটকটিও একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। বর্তমানে এর শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং আগামী মাস থেকেই ক্যামেরা সচল হবে। শুটিং শুরু হলেই নাটকটি নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন তিনি।

তারকাখচিত এই ধারাবাহিকে সুমাইয়া শিমু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু ও ফাইজুল ইয়ামিন। নাটকটিতে আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী যুক্ত আছেন। নির্মাতা জানান, সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ফেসবুক পেজে পর্যায়ক্রমে অন্য শিল্পীদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে।

আরও পড়ুন