কলকাতায় হেনস্তার বিষয় স্পষ্ট করলেন মোশাররফ করিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
কলকাতায় স্ত্রীসহ হেনস্তার শিকার হওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই খবরের বাস্তবে কোনো ভিত্তি নেই বলে জানান তিনি।
সম্প্রতি সামাজিকমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ায়, স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যক্তি মোশাররফ করিমের সঙ্গে অপ্রীতিকর আচরণ করেছেন। পরবর্তীতে কিছু সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশ পায়।
এ বিষয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফেসবুকে অনেক কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। তবে কোনো সংবাদ তৈরি করার মতো ন্যূনতম উপাদানও এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। সবাইকে এমন গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কারণে নয়, ব্যক্তিগত ছুটিতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই তারকা দম্পতি। আগামী তিন-চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।