অভিনেত্রীর প্রতি আসক্তির কারণে বিয়ে ভাঙল ভক্তের
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম
রূপালি পর্দার তারকাদের প্রতি ভক্তদের মোহ মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে তাঁর প্রতি আসক্তির কারণে এক ভক্তের বাগদান ভেঙে গেছে। সোফি চৌধুরীর সঞ্চালনায় একটি টক-শোতে অংশ নিয়ে অভিনেত্রী নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান।
সোনম বাজওয়া জানান, একদিন এক তরুণী আচমকা তাঁর সামনে এসে পরিচয় নিশ্চিত হওয়ার পর বলেন, ‘আপনার জন্যই আমার বাগদান ভেঙে গেছে।’
কথাটি শুনে প্রথমে বাকরুদ্ধ হয়ে পড়েন সোনম। পরে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন তিনি। ওই তরুণী জানান, তাঁর হবু স্বামী সোনম বাজওয়ার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, তিনি চাইতেন তাঁর হবু স্ত্রী যেন দেখতে হুবহু সোনমের মতো হন। এমনকি ওই তরুণীকে নিজের শারীরিক গঠন ও চেহারার আদল প্লাস্টিক সার্জারির মাধ্যমে সোনমের মতো করার জন্য চাপ দিতেন তিনি।
হবু স্বামীর এমন অদ্ভুত ও অবাস্তব দাবি মেনে নিতে না পেরে ওই তরুণী নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং বাগদান বাতিল করেন। তবে ওই তরুণী সোনমকে জানিয়েছেন, বর্তমানে তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং বেশ সুখে আছেন। ভক্তের এমন আচরণে অবাক হলেও ওই তরুণী নিজের ব্যক্তিত্ব বজায় রাখায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সোনম।
২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন সোনম বাজওয়া। একই বছর ‘বেস্ট অব লাক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘নিক্কা জেইলদার’ ও ‘ক্যারি অন জাট্টা থ্রি’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে পাঞ্জাবি চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকায় পরিণত হন তিনি। পাঞ্জাবির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু সিনেমাতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।
-69dba5cec0043.jpg)