EN ☀️
×

Follow Us

বিনোদন

শত কোটি টাকার সম্পদ রেখে গেছেন আশা ভোঁসলে, উত্তরসূরি কে?

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

শত কোটি টাকার সম্পদ রেখে গেছেন আশা ভোঁসলে, উত্তরসূরি কে?
অ অ

ভারতীয় সংগীতের কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে একটি যুগের অবসান হলো। সময়ের গণ্ডি পেরিয়ে তাঁর সুরের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনি তাঁর জীবনজুড়ে ছিল সাফল্য, সংগ্রাম আর বিস্ময়কর এক আর্থিক উত্থানের গল্প। বয়স বাড়লেও তাঁর জনপ্রিয়তা ও প্রভাব তো কমেইনি, বরং তাঁর অর্জিত সম্পদের পরিমাণ আজও মানুষকে অবাক করে।

সংগীতের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধিতেও আশা ভোঁসলে ছিলেন অনন্য। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০০ কোটি রুপি। এই বিপুল বিত্তের মাধ্যমে তিনি ভারতের অন্যতম ধনী গায়িকার তালিকায় নিজের স্থান করে নিয়েছিলেন।

আশা ভোঁসলের আয়ের একটি বড় অংশ আসত সংগীত ও রেস্তোরাঁ ব্যবসা থেকে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাধিক দেশে তাঁর একটি জনপ্রিয় রেস্তোরাঁ চেইন রয়েছে, যা দীর্ঘদিন ধরে তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করেছে।

স্থাবর সম্পত্তির দিক থেকেও তিনি বেশ সমৃদ্ধ ছিলেন। মুম্বাই ও পুনেতে তাঁর একাধিক মূল্যবান আবাসন রয়েছে। এর মধ্যে মুম্বাইয়ের পেডার রোডের ‘প্রভু কুঞ্জ’ অ্যাপার্টমেন্টটি তাঁর সবচেয়ে দামী সম্পদ হিসেবে বিবেচিত।

আশা ভোঁসলের ব্যক্তিগত জীবনে বর্তমানে তাঁর একমাত্র জীবিত সন্তান মেজ ছেলে আনন্দ ভোঁসলে। মায়ের শেষ সময় পর্যন্ত তিনি ছায়ার মতো পাশে ছিলেন। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, পারিবারিক ঐতিহ্য ও উত্তরাধিকার সূত্রে আনন্দই হতে যাচ্ছেন আশা ভোঁসলের এই বিশাল অর্থ-সম্পদের মালিক।

ক্যারিয়ারের শুরুতে নামমাত্র পারিশ্রমিকে গান গাওয়া সেই মেয়েটিই পরে রোমান্টিক, গজল ও ক্লাসিক্যালসহ সব ধরনের গানে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। হিন্দি, মারাঠি ও বাংলাসহ ১৮টি ভাষায় ১১ হাজারের বেশি গান গেয়ে তিনি যে ইতিহাস গড়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুরের ভুবন ছেড়ে তিনি চলে গেলেও তাঁর সাফল্য ও বর্ণিল জীবনের গল্প থেকে যাবে মানুষের মুখে মুখে।

আরও পড়ুন